প্রশান্ত নীলের বহুল আলোচিত কেজিএফ টুর প্রথম গান ‘তুফান’
প্রকাশিত হয়েছে গতকাল। এর মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত কন্নড় সিনেমাটির প্রচারণা শুরু হল। রবি বসুরের রচনা করা এ গানে কোলার স্বর্ণ খনির শ্রমিকদের কাছে রকির নায়কে পরিণত হওয়ার গল্প বলা হয়েছে। সিনেমায় রকি চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণি তারকা যশ।
দর্শক বেশ ভালোভাবেই গানটি গ্রহণ করেছে, যার প্রমাণ মেলে ইউটিউবে গানটির ভিউয়ার সংখ্যা থেকে। ‘তুফান’
গানটি প্রকাশের ৫ ঘণ্টার মধ্যে ভিউয়ের সংখ্যা দাঁড়ায় প্রায় ২৫ লাখ। মূলত কেজিএফ চ্যাপ্টার ওয়ানের ঘটনা স্মরণ করেই কেজিএফ টুর এ গানটি শুরু করা হয়েছে। এখানে একজন বৃদ্ধের কণ্ঠে বলে ওঠেন যে, খনির শ্রমিকরা রকির শক্তি থেকে নিজেরা শক্তি অর্জন করেছেন এবং এখন তারা মৃত্যুকে ভয় পান না। মূলত রকির সাফল্য, সাহসিকতা এবং মানুষের পাশে থাকা নিয়েই গানটি করা হয়েছে।
২০১৮ সালে মুক্তি পায় কেজিএফ। সে সময়ে ব্যাপক জনপ্রিয়তা পায় সিনেমাটি। এখানে দেখানো হয়েছিল সিনেমার কেন্দ্রীয় চরিত্র রকি কীভাবে স্বর্ণের খনিতে শ্রমিক সেজে যায়। রকি সিদ্ধান্ত নেয় পুরো খনির ক্ষমতা তার হাতে আনবে। কারণ সে ছেলেবেলা থেকে দরিদ্রতার সঙ্গে বেড়ে উঠেছে। তাই সে সবসময় চাইত ক্ষমতায় যেতে। অবহেলিত খনি শ্রমিকদের শোষণ করে তাদের অধিকার থেকে বঞ্চিত করে শোষক শ্রেণীর অন্যায়ের চিত্র দেখানো হয়েছে সিনেমাটিতে। রকি শুধু নিজের জন্য নয়, এ শোষিত শ্রমিকদের রক্ষা করার পরিকল্পনা নিয়ে কাজ করতে থাকে, এমন দেখানো হয়েছে কেজিএফ সিনেমায়।
কেজিএফের সিকুয়াল কেজিএফ টু। আসন্ন সিনেমায় রকি ও আধিরার মধ্যে ক্ষমতা দখলের লড়াই দেখানো হবে। আধিরার চরিত্রটি করেছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত, তিনি মূলত এ সিনেমার খলনায়ক। এ সিনেমায় আরো অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি, রাভিনা ট্যান্ডন ও প্রকাশ রাজ।
বক্স অফিসে সুপার হিট হয়েছিল কেজিএফ। সিনেমাটি কয়েকটি ভাষায় মুক্তি পেয়েছিল। নির্মাতারা আশা করছেন, এ সিনেমার সিকুয়ালটিও সাফল্যের মুখ দেখবে। কেজিএফ টু আগামী ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে আসতে চলেছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










