জাতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে নির্মিত বায়োপিক সিনেমা এমএস ধোনি: দি আনটোল্ড স্টোরিতে সাক্ষী সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন কিয়ারা আদভানি। এতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ছিলেন কিয়ারা। এ সিনেমায় কাজ করার সময়ে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল তার। সম্প্রতি কিয়ারা আদভানি দ্য রণবীর পডকাস্ট শোয়ে আসেন। এ শোয়ে কথা বলতে গিয়ে তিনি সুশান্ত সিং রাজপুতকে স্মরণ করেন।
পডকাস্ট অনুষ্ঠানে কিয়ারা বলেন, ‘সিনেমাটিতে কাজ করার সময় আমরা ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। আমরা তখন ঔরঙ্গাবাদে শুটিং শুরু করেছি। একদিন আমি আর সুশান্ত ঠিক করলাম আজ কথা বলে সময়টা পার করা যাক। সুশান্তের সঙ্গে অনেক কথা হয়েছিল আমার। নিজের জীবনের গল্প বলেছিল ও আমাকে। সুশান্ত একজন প্রকৌশলী ছিল। তবে ক্যারিয়ার শুরু করেছিল প্রীতি জিনতার একটি গানের ব্যাকআপ ড্যান্সার হিসেবে। খুব ভালো মনের মেধাবী মানুষ ছিল সুশান্ত।’
কিয়ারা আরো বলেন, ‘সুশান্তের সব কথা শোনার পর আমি বলেছিলাম, তোমার জীবন নিয়ে কেউ একদিন বায়োপিক নির্মাণ করবে। কারণ তোমার জীবনের কাহিনী খুব কৌতূহলোদ্দীপক।’
ভুলভুলাইয়া অভিনেত্রী বলেন, সুশান্ত বই পড়তে খুব পছন্দ করত। এমএস ধোনি সিনেমার শুটিংয়ের সময় ধোনির ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে একাধিক বই পড়েছিল সুশান্ত। মাত্র ২ ঘণ্টা ঘুমাত সুশান্ত কিন্তু প্রতিদিন শুটিং সেটে ঠিক সময়ে প্রাণবন্ত চেহারায় হাজির হতো।’
২০১৬ সালে মুক্তি পায় ধোনি: দি আনটোল্ড স্টোরি। এ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার স্ক্রিন পুরস্কার জিতেছিলেন সুশান্ত এবং ফিল্মফেয়ার পুরস্কারের জন্যও মনোনীত হন।
সুত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










