রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পুরো দেশ। এমন হৃদয়বিদারক ঘটনার পর অনেকেই নিজ নিজ অবস্থান থেকে শোক প্রকাশ করছেন, নিচ্ছেন সংবেদনশীল সিদ্ধান্ত।
শোবিজ অঙ্গনের অনেকে এই সময়কে বিবেচনা করে নিজেদের কার্যক্রমে পরিবর্তন এনেছেন। যেমন ছোট পর্দার অভিনেতা আরশ খান চলতি সপ্তাহে নিজের কোনো নাটক প্রচার না করার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টদের।
এবার সংগীতশিল্পী ইমরান মাহমুদুল জানালেন, এই মাসে কোনো গান প্রকাশ করছেন না তিনি।
বুধবার (২৩ জুলাই) বিকেলে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন ইমরান। ক্যাপশনে লেখেন, ‘সো মাস্ট গো অন।’ সেই পোস্টে ইমরুল কায়েস সজিব নামের এক ভক্ত মন্তব্য করেন, ‘ইমরান ভাইয়া, আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনি এক সপ্তাহের আগে কোনো গান রিলিজ কইরেন না। এই মুহূর্তে আমাদের কারো মন ভালো নেই। কারণটা আপনি জানেন—মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেসব ছোট ছোট বাচ্চা মারা গেল, মেনে নিতে পারছি না।’
ভক্তের এই মন্তব্যে সাড়া দিয়ে ইমরান লেখেন, ‘এক সপ্তাহ কেন, এই মাসেই কোনো গান ছাড়া হবে না।’
এর আগে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ট্রমা কাজ করছে। আকাশ দিয়ে বিমানের শব্দ শুনলেই ভয় লাগছে। চোখে ঘুম আসছে না। আল্লাহ সহায় হোক।’
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে স্কুল ভবনে আগুন ধরে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ৩১ জন, আহত শতাধিক।
জাতির এই শোকের সময়ে গান নয়, একটুখানি নীরবতা ও সহমর্মিতাকেই বেছে নিচ্ছেন ইমরান মাহমুদুল।










