রহস্য ও রোমাঞ্চে ভরা ওয়েব সিরিজ ইনফিনিটি দর্শক মহলে সাড়া ফেলেছিল। সে রহস্য আর দর্শকের আগ্রহে ভর করেই আসন্ন ঈদে ওটিটি প্লাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সাত পর্বের ওয়েব সিরিজ ইনফিনিটি সিজন টু। মুক্তির আগে এর ৫৮ সেকেন্ডের একটি টিজার প্রকাশ হয়েছে ইউটিউবে।

২০২০ সালে ইনফিনিটি সিরিজ মুক্তি পেয়েছিল। যেখানে দেখা মিলেছিল এজেন্ট মুরাদ চরিত্রে অভিনয় করা রাজের মামার হত্যাকারী এজেন্ট চিফ সুমন আনোয়ার নিজের রুমে মৃত অবস্থায় পড়েছিলেন। নতুন সিজনের গল্প শুরু হবে এখান থেকে। যেখানে একটি মিশনে অনেকগুলো নিরপরাধ মানুষের জীবনে ক্রমাগত মৃত্যুর হাতছানি উঠে আসবে।

ম্যাক্স রাহমানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন মেহেদি হাসিব। ‘ইনফিনিটি সিজন টু’ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এবারের গল্পটা আরো স্পেসিফিক। গত সিজনের বেশকিছু রহস্যের উত্তরও দেয়া আছে গল্পের ভেতরেই। এবার লং টেকের ব্যবহার করেছি আমরা, বেশ কয়েকটা অ্যাকশন দৃশ্য উপভোগ করতে পারবেন দর্শকরা।’

‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমা দুটি দিয়ে আলোচিত হওয়া নায়ক শরিফুল রাজ। 

গত বছরের ‘দামাল’ সিনেমার পর দীর্ঘবিরতি। কোরবানির ঈদে সে বিরতি ভেঙে পর্দায় আসছেন আলোচিত অভিনেতা। টিজারে অ্যাকশন আমেজে দেখা মিলেছে রাজের। ওয়েব সিরিজটি নিয়ে শরিফুল রাজ বলেন, ‘সিরিজটি দর্শক পছন্দ করবে বলে আমার ধারণা। দীর্ঘদিন আমার নতুন কোনো কাজ আসেনি। এ ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকরা আবার আমাকে খুঁজে পাবে।’

শরিফুল রাজ ছাড়াও এ সিরিজে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সাঞ্জু জন, শিবলি নোমান, মুরাদ পারভেজসহ অনেকেই। বিশেষ দুটি চরিত্রে কাজ করেছেন এসএন জনি ও সামিয়া অথৈ। এরই মধ্যে ওয়েব সিরিজটির ক্যারেক্টার লুক পোস্টার করেছে ওটিটি প্লাটফর্ম বিঞ্জ। চরিত্রগুলো লুকের জন্য দর্শক মহলে আলোচিত হচ্ছে। আসন্ন ওয়েব সিরিজের পোস্টারে এর সব চরিত্রেরই দেখা মিলেছে।