অভিনব পরিবেশনা ও অনবদ্য সৃষ্টির মধ্য দিয়ে শ্রোতাপ্রিয়তা পেয়েছে রক-মেটাল ঘরানার শীর্ষস্থানীয় ব্যান্ড আর্টসেল। গানের ভুবনে পথচলায় ২৫ বছর পূর্ণ করেছে এটি, যার সুবাদে দেশ-বিদেশে তৈরি হয়েছে তাদের অসংখ্য অনুসারী। ব্যান্ডের রজতজয়ন্তী উদযাপনে তাই দেশ-বিদেশে ধারাবাহিকভাবে কনসার্ট করার পাশাপাশি নানা ধরনের আয়োজন করে যাচ্ছে আর্টসেল সদস্যরা।

গত মে মাসে কানাডা সফর দিয়ে শুরু হয়েছে তাদের রজতজয়ন্তী উদযাপন পর্ব। এবার তারা সফর করছে মার্কিন মুল্লুকে। আগামী ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে প্রথম শো করবে আর্টসেল। আগামী ২২ সেপ্টেম্বর ভার্জিনিয়া, ২৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেস, ৫ অক্টোবর ডালাস ও আগামী ১১ অক্টোবর হিউস্টনে আরো চারটি কনসার্টে অংশ নেবে। আর্টসেল সদস্যের কথায়, ২৫ বছরের মাইলফলক স্পর্শ করতে পারা তাদের কাছে এক বিশেষ অর্জন ও অন্য রকম ভালো লাগার। সে কারণেই বিশেষ এ সময়কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করতে চান তারা। সে লক্ষ্যেই তাদের এ ওয়ার্ল্ড ট্যুর।

ব্যান্ড সদস্যরা আরো জানান, ওয়ার্ল্ড ট্যুর শেষে নিজ দেশে রজতজয়ন্তী উদযাপনে নানা ধরনের আয়োজন করবেন তারা। নির্বাচিত বিশ্ববিদ্যালয়গুলোয় বিশেষ ট্যুর, আর্টসেলের লাইভ অ্যাকুইস্টিক শো ও বড় ওপেন এয়ার সলো কনসার্ট হতে পারে। ঠিক যেমনটি হয়েছিল ব্যান্ডের ২০ বছর পূর্তি উদযাপনের সময়। এছাড়া বিশেষ কিছু স্মারক প্রকাশনা নিয়েও ভাবছেন ব্যান্ডের পাঁচ সদস্য জর্জ লিংকন ডি কস্টা, কাজী আশেকিন সাজু, সায়েফ আল নাজি সেজান, কাজী ফায়সাল আহমেদ ও ইকবাল আসিফ জুয়েল।