ডক্টর স্ট্রেঞ্জের সাফল্যের মুকুটে আরেকটি পালক যুক্ত হলো। আয়ের দিক থেকে দ্য ব্যাটম্যানকে ছাড়িয়ে গিয়েছে মাল্টিভার্স অব ম্যাডনেস। এ বছরের সর্বোচ্চ আয়কারী অন্যতম সিনেমা এটি। গত শনিবারের বক্স অফিসের হিসাব অনুযায়ী ডক্টর স্ট্রেঞ্জের সিনেমাটির বৈশ্বিক আয় ৮০ কোটি ডলার ছাড়িয়েছে। বেনেডিক্ট কাম্বারব্যাচ ও এলিজাবেথ অলসেন অভিনীত সিনেমাটি মুক্তি পেয়েছিল গত ৬ মে। অন্যদিকে মার্চে মুক্তি পাওয়া দ্য ব্যাটম্যানের বৈশ্বিক মোট আয় ৭৬ দশমিক ৯ কোটি ডলার।
ফোর্বসের হিসাব অনুসারে, ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস যুক্তরাষ্ট্রে আয় করেছে ৩৫ কোটি ডলার। বহির্বিশ্বে সিনেমাটির আয় ৪৬ দশমিক ৫ কোটি ডলার। অর্থাৎ, মোট বৈশ্বিক আয় ৮১ দশমিক ৫ কোটি ডলার। বিশেষজ্ঞরা বলছেন, সিনেমাটি ৯৫ কোটি ডলার আয় করতে পারে, যদিও ১০০ কোটি ডলারের ক্লাবে ঢোকার বিষয়টি অনিশ্চিত।
এর আগে মার্চে দ্য ব্যাটম্যান মুক্তির পর বক্স অফিস, দর্শক ও হলিউডের সবাই নড়েচড়ে বসেছিলেন। সিনেমাটি নানা শঙ্কা কাটিয়ে বেশ ভালো আয় করেছিল। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ক্রমাগত নতুন সিনেমা মুক্তি ও জনপ্রিয়তার মধ্যে ডিসির জন্য আশার বার্তা ছিল দ্য ব্যাটম্যান। কিন্তু সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করলেও বক্স অফিসে পুরোপুরিভাবে সফল হয়নি। ডিসির অ্যাকুয়াম্যান ও দ্য ডার্ক নাইট রাইজেস ১০০ কোটির ক্লাবে ঢুকলেও দ্য ব্যাটম্যান তা পারেনি। কমিক থেকে সিনেমাটিক ইউনিভার্সে আসা সুপারহিরোদের দ্বৈরথে ফের এগিয়ে থাকল মার্ভেল।
অন্যদিকে একটি ধারণা তৈরি হচ্ছিল, সুপারহিরো ফিল্ম দিয়ে যে নতুন অ্যাকশন ঘরানা তৈরি হয়েছে, তাতে অরিজিনাল অ্যাকশন সিনেমা পিছিয়ে পড়ছে। হারাচ্ছে বাজার। কিন্তু টম ক্রুজ সে ধারণা মিথ্যা প্রমাণ করলেন। তার টপ গান সিনেমার সিকুয়েল টপ গান: ম্যাভেরিক মুক্তি পেতে না পেতেই বক্স অফিসে রাজত্ব করছে। গত ২৭ মে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম চারদিনেই আয় করেছে ১০০ কোটি ডলারের বেশি। যদিও ওপেনিং আয়ের ক্ষেত্রে টপ গানের চেয়ে এগিয়ে আছে স্পাইডার ম্যান: নো ওয়ে হোম, ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস ও দ্য ব্যাটম্যান। কিন্তু টপ গানের সাফল্য প্রমাণ করে ক্ল্যাসিক অ্যাকশন সিনেমার বাজার এখনো হলিউডে চাঙ্গা হওয়া সম্ভব।
সূত্র: হিন্দুস্তান টাইমস










