কোরিয়ান ব্যান্ড বিটিএস সদস্য জিমিনের অ্যাপার্টমেন্ট সাময়িকভাবে জব্দ করা হয়েছে। স্বাস্থ্য বীমার প্রিমিয়াম প্রদান না করায় এ পদক্ষেপ নেয়া হয়। ২৪ এপ্রিল কোরিয়ান নিউজ আউটলেট বিজ হ্যানকুক জানায়, ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স সার্ভিস জিমিনের অ্যাপার্টমেন্ট জব্দ করেছে। বিটিএসের এজেন্সি বিগ হিট এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। জিমিন গত বছরের মে মাসে অ্যাপার্টমেন্টটি কেনেন। বাংলাদেশী মুদ্রায় এর মূল্য প্রায় ৪০ কোটি টাকা।

রিপোর্ট থেকে জানা যায়, রেজিস্ট্রি চিঠি পাঠিয়ে জিমিনকে চারদিনের একটি নোটিস দেয়া হয়েছিল। ২২ এপ্রিল কিস্তি শোধ করার পর এ আদেশ তুলে নেয়া হয়। বিগ হিট মিউজিক জানিয়েছে, তাদের পক্ষ থেকে একটি ভুলের কারণে এমনটা হয়েছে। প্রতিষ্ঠানটি এরপর একটি বিবৃতি দিয়েছে। তারা জানায়, ‘শিল্পীদের কাছে এ ধরনের কোনো চিঠি পাঠানো হলে তা প্রথমে আমাদের কাছে আসে। এরপর তা শিল্পীর কাছে পাঠানো হয়। কিন্তু এবার তথ্য পৌঁছনোর ক্ষেত্রে একটি অংশ বাদ পড়ে যায়। গত বছরের শেষ সময় থেকে বিদেশে জিমিনের ব্যস্ততা, তার বিশ্রামের সময় বৃদ্ধি এবং এরপর আবার বিদেশের কর্মসূচির কারণে বিষয়টি তার জানা ছিল না। কিন্তু জানামাত্রই তিনি প্রদেয় অর্থ পরিশোধ করেছেন এবং পরিস্থিতি এখন স্বাভাবিক। আমরা দুঃখিত যে কোম্পানির ভুলের কারণে শিল্পী ও ভক্তদের দুশ্চিন্তার কারণ সৃষ্টি হয়েছে।’

জিমিন এর মধ্যে ‘উইথ ইউ’ শিরোনামে একটি অরিজিনাল সাউন্ড ট্র্যাক মুক্তি দিয়েছেন। ‘আওয়ার ব্লুজ’ সিরিজের জন্য করা গানটি মুক্তির ৪ ঘণ্টা ৪৪ মিনিটের মধ্যে ১০০টি দেশে আই টিউনসের টপ চার্টে সেরা গান হিসেবে জায়গা করে নিয়েছে। এটি বিটিএসের ডাইনামাইট গানের রেকর্ড ভেঙেছে। অন্যদিকে কোরিয়ান একক সংগীত ও সংগীত শিল্পীর অরিজিনাল সাউন্ড ট্র্যাক হিসেবে স্বল্পতম সময়ের মধ্যে ভাইরাল হওয়ার রেকর্ডটিও দখল করেছে।

বিটিএস ভক্তরা গানটি পছন্দ করেছে। টুইটারে গানটি ট্রেন্ডিং হচ্ছে। একজন ভক্ত লিখেছেন, ‘জিমিনের সক্ষমতা অসাধারণ। সে নিজেই এবার ডাইনামাইটের রেকর্ড ভাঙল। এর আগে গ্র্যামিতে বিটিএস চমত্কার একটি পারফরম্যান্স উপহার দিয়েছিল। ১০ জুন তাদের নতুন অ্যালবাম মুক্তি পাচ্ছে।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস