বিরতির পর আবার বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটি নারী ও শিশু নির্যাতন ২০০১ আইনের একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত কোর্টরুম ড্রামা ঘরানার। গল্পে ন্যায়বিচার, নৈতিকতা ও রাজনৈতিক প্রভাবের সূক্ষ্ম টানাপড়েন তুলে ধরা হয়েছে। সিনেমায় ফারিয়া অভিনয় করছেন ব্যারিস্টারের চরিত্রে, যে সত্যের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বে।
ফারিয়া বলেন, ‘আমি যখন প্রথম গল্পটি পড়ি, তখনই বুঝেছিলাম এটি আমার করা প্রয়োজন। চরিত্রটির আবেগ, দায়িত্ববোধ ও দৃঢ়তা আমাকে নাড়িয়ে দিয়েছে। এমন শক্তিশালী নারী চরিত্রে কাজ করা একজন অভিনেত্রীর জন্য বড় সুযোগ।’ তিনি আরো বলেন, ‘আমি সবসময় এমন কাজ করতে চাই, যা শুধু বিনোদন নয়, ভাবনার খোরাক জোগায়। ট্রাইব্যুনাল সেই ধরনেরই একটি গল্প।’
চট্টগ্রামে শুরু হওয়া শুটিং চলবে আরো কয়েক সপ্তাহ। এরপর ঢাকায় ও এফডিসিতে দৃশ্যধারণ হবে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সাবেরি আলম। আগামী ঈদে সিনেমাটির মুক্তির লক্ষ্য নিয়ে কাজ চলছে জোরেশোরে।
এদিকে অভিনয়ের পাশাপাশি সংগীতেও ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশের পর তিনি একাধিক গান প্রকাশ করেছেন। সম্প্রতি ফুয়াদ আল মুক্তাদির, সঞ্জয়সহ কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে নতুন গান রেকর্ড করেছেন তিনি। ফারিয়া জানান, ‘একটি ভালো মিউজিক ভিডিও তৈরি করা সময়সাপেক্ষ। আমি শুধু গান প্রকাশে বিশ্বাসী নই, আমি চাই প্রতিটি গান গল্প বলুক, দৃশ্যমানভাবে মানুষকে অনুপ্রাণিত করুক।’ তার হাতে এখন একাধিক গান প্রকাশের অপেক্ষায় রয়েছে, যেগুলোর প্রতিটিই শ্রোতাদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসবে।
দেশের পাশাপাশি বিদেশের মঞ্চেও নিয়মিত হচ্ছেন ফারিয়া। সম্প্রতি কানাডায় একটি স্টেজ শোয় অংশ নিয়ে দর্শককে মুগ্ধ করেছেন তিনি। নভেম্বরে আরো একটি আন্তর্জাতিক সফরে যোগ দেয়ার পরিকল্পনাও রয়েছে তার। ফারিয়া বলেন, ‘স্টেজ পারফরম্যান্স আমার কাছে সরাসরি শক্তি পাওয়ার জায়গা। দর্শকের ভালোবাসা দেখলে বুঝি কেন কাজটা করি।’
‘আশিকি’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর থেকেই ঢালিউড ও টলিউডে সমানভাবে কাজ করছেন নুসরাত ফারিয়া। কিছু প্রশাসনিক জটিলতার কারণে কলকাতায় কাজের বিরতি এলেও আবারো সেদিকে ফিরতে চান তিনি। তার ভাষায়, ‘আমি চাই এমন কিছু শিল্পীর সঙ্গে কাজ করতে, যাদের গান বা অভিনয় দেখে আমি বড় হয়েছি। ভারতীয় দর্শকের সঙ্গেও আবার দেখা হবে এ আশায়ই আছি।’










