রাজকুমার হিরানীর সিনেমা থিয়েটারে এসে ব্যবসা করেই শেষ হয়ে যায় না। তার সিনেমা নিয়ে কথা হয় বছরের পর বছর। উদাহরণ তার প্রতিটি সিনেমা। মুক্তির দুই দশক পরও ‘মুন্নাভাই এমবিবিএস’ (২০০৩) নিয়ে কথা হয় সিনেমাপাড়ায়। থ্রি ইডিয়টসের কথা তো বলাই বাহুল্য। ‘সাঞ্জু’ কিছুটা বিতর্কিত হলেও সিনেমাটি জনপ্রিয় আর ‘পিকে’র প্রশংসা করেন সবাই। এবার মুক্তি পাচ্ছে ‘ডাঙ্কি’। প্রথমবারের মতো হিরানীর সঙ্গে কাজ করছেন শাহরুখ। সিনেমাটি নিয়ে জল্পনা-কল্পনাও অনেক। এ নিয়ে সম্প্রতি কথা বললেন স্বনামধন্য কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। তার মতে ডাঙ্কি নিয়ে আগামী ১০ বছর আলোচনা হবে।
মুকেশ ছাবড়া হিরানীর সঙ্গে কাজ করেছেন ‘পিকে’ ও ‘সাঞ্জু’তে। এবার কাজ করছেন ‘ডাঙ্কি’তে। হিউম্যানস অব বম্বের সঙ্গে তিনি কথা বলেছেন ডাঙ্কি নিয়ে। মুকেশ বলেন, ‘সিনেমার গল্পটা এমন যে প্রতিটি পরিবার, প্রতিটি বাড়ি, প্রতিটি মানুষ গল্পটা অনুভব করতে পারবে। গল্পের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে। সিনেমা কেমন হবে তা নিয়ে বলতে পারি, আগামী ১০ বছর এ সিনেমা নিয়ে আলোচনা হবে।’
হিরানীর সঙ্গে শাহরুখের প্রথম সিনেমা নিয়েও উচ্ছ্বসিত ছাবড়া। তার মতে, ডাঙ্কি এ জুটির সেরা সিনেমা হতে যাচ্ছে। তিনি বলেন, ‘তারা দুজন দুজনের কাজের ক্ষেত্রে সেরা। দুজন এবার একসঙ্গে আসছেন, তার মানে অসাধারণ কাজই হবে। দুজন সেরা মানুষের কম্বিনেশন বলে কথা!’
এর মধ্যে অবশ্য কিছু কথা তিনি কেবল রাজকুমার হিরানীর প্রসঙ্গেও বলেছেন। কেননা তিনি বহুদিন কাজ করছেন হিরানীর সঙ্গে। মুকেশের মতে হিরানী নিজেই একটা প্রতিষ্ঠান। তিনি বলেন, ‘রাজু স্যারের সঙ্গে কাজ করার মানে হলো একটা ফিল্ম স্কুলে পড়ার মতো। তিনি নিজেই একটা প্রতিষ্ঠান। ওনার সঙ্গে কাজ করলে এতকিছু শেখা যায় যে আলাদা করে ফিল্ম স্কুলে পড়ার দরকার হয় না। উনি নিজেই একটা স্কুল।’ হিরানীর সঙ্গে কাজ করা প্রায় প্রতিটি ব্যক্তিই এ রকম কথা বলে থাকেন।
ডাঙ্কি নিয়ে সিনেমাপাড়ায় নানা ধরনের আলাপ চলছে। সর্বেশেষ আলোচনা এর মুক্তি নিয়ে। প্রভাস অভিনীত সালারের কারণে সিনেমাটির মুক্তি পেছাবে এমন গুঞ্জন উঠেছিল। তবে সিনেমাসংশ্লিষ্টরা জানিয়েছিলেন ডাঙ্কি পেছাচ্ছে না। শনিবার ডাঙ্কির একটি অফিশিয়াল পোস্টার মুক্তি পেয়েছে, যেখানে মুক্তির তারিখ আগামী ২১ ডিসেম্বর উল্লেখ করা হয়েছে। অনেকে মনে করছেন, সালারের আগে মুক্তি দেয়ার জন্য একদিন এগিয়ে আনা হয়েছে ডাঙ্কি। আবার অনেকে বলছেন, আগামী ২১ ডিসেম্বর ভারতের বাইরে ও আগামী ২২ ডিসেম্বর ভারতে মুক্তি পাবে সিনেমাটি।
সূত্র: পিংকভিলা










