ম্যাট রিভসের দ্য ব্যাটম্যান সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন জো ক্রেভিটজ। ক্যাটওম্যান চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু ব্যাটম্যানে অভিনয়ের এটি তার দ্বিতীয় চেষ্টা। এর আগে নোলানের দ্য ডার্ক নাইট রাইজেসের জন্য অডিশন দিয়েছিলেন। কিন্তু বাদ পড়েছিলেন। তাকে বলা হয়েছিল রোলটির জন্য তিনি তুলনামূলক বেশি ‘শহুরে’
ছিলেন। ক্রেভিটজ অবশ্য বলেননি, তিনি ক্যাটওম্যানের জন্যই অডিশন দিয়েছিলেন কিনা।
‘আমি জানি না, সিদ্ধান্তটি সরাসরি নোলানের কাছ থেকে এসেছিল কিনা’—জো বলেন। তিনি যোগ করেন, ‘হতে পারে কাস্টিং ডিরেক্টর বা এমন কেউ অথবা কাস্টিং ডিরেক্টরের সহকারী হয়তো সিদ্ধান্ত নিয়েছিলেন।’
একজন অভিনেত্রী হিসেবে মন্তব্যটি ক্রেভিটজের জন্য সুখকর ছিল না। ক্রেভিটজের বিশ্বাস তার গায়ের রঙের জন্য সে সময় তাকে বাদ দেয়া হয়েছিল কিন্তু কারণ হিসেবে ভিন্ন কথা বলা হয়। ২০১৫ সালের দিকে নিয়নের সঙ্গে এক সাক্ষাত্কারে জো ক্রেভিটজ এ বিষয়ে কথা বলেছিলেন। তিনি বলেন, ‘ব্যাটম্যানে ছোট একটি চরিত্রে অভিনয় করার কথা ছিল।’
কিন্তু তাকে বলা হয় সিনেমাটি শহুরে পটভূমির না। ক্রেভিটজ খানিকটা ব্যঙ্গ করেই বলেন, ‘ব্যাপারটা তো এমন ছিল না যে আমি ব্যাটম্যানকে গিয়ে বলব আরে ম্যান, কী খবর? শহুরে হওয়ার সঙ্গে এর কী সম্পর্ক?’
কথায় বলে, ‘সবুরে মেওয়া ফলে’
এবং ক্রেভিটজের ক্ষেত্রে তা-ই হয়েছে। কয়েকটা বছর অপেক্ষা করে তিনি ম্যাট রিভসের সিনেমায় ছোট না রীতিমতো মূল চরিত্রেই অভিনয় করছেন। ম্যাড ম্যাক্স, ফ্যান্টাসটিক বিস্টস, এক্স মেন: ফার্স্ট ক্লাস সিনেমাগুলোয় অভিনয় করেছিলেন জো। ম্যাট রিভসের দ্য ব্যাটম্যান যে ভিন্ন দৃষ্টিকোণ থেকে এসেছে, সেখানে ক্রেভিটজও বলা চলে ভিন্ন সংযোজন। ক্যাটওম্যানকে এ রকম কেউ চিন্তা করেনি। সেদিক থেকে ভিন্নধর্মী চেষ্টাকে সবাই স্বাগত জানিয়েছেন।
প্রশংসার পাশাপাশি মুক্তির পর থেকে দারুণ ব্যবসা করে চলেছে ব্যাটম্যান। এখন পর্যন্ত সাড়ে ১৩ কোটি ডলারের বেশি আয় করেছে সিনেমাটি।
সূত্র: ভ্যারাইটি










