গান দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন কলকাতার নচিকেতা। বাংলাদেশেও তার জনপ্রিয়তা রয়েছে। ঢাকার জুটি মিউজিক প্রকাশ করেছে এ শিল্পীর নতুন গান, শিরোনাম ‘সে একটা গাছ’।

রূপকধর্মী গানটি লিখেছেন জুলফিকার রাসেল। সুর দিয়েছেন নচিকেতা নিজেই। সংগীতায়োজন করেছেন টুনাই দেবাশিস গাঙ্গুলী।

‘সে একটা গাছ’ প্রসঙ্গে কলকাতা থেকে নচিকেতা বলেন, ‘জুলফিকার রাসেলের সঙ্গে আমার প্রকাশিত গানের সংখ্যা অনেক হলো। তৈরি থাকা অপ্রকাশিত গানের সংখ্যা আরো বেশি। তারই একটা এটি। জুলফিকারের গানের কাব্যময়তা বা সাহিত্যমান প্রসঙ্গে নতুন করে বলবার কিছু নেই। তবে এই গানটির ভাবধারা আমাদের দুজনার যেকোনো গানের চেয়ে বেশ আলাদা। এখানে আমরা গাছের মতো অসহায় একজন মানুষের গল্প তুলে ধরার চেষ্টা করেছি।’

গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘নচিদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই একটু আলাদা। কারণ, তিনি গায়ক, সুরকারের পাশাপাশি অসাধারণ গীতিকবিও বটে। ফলে তিনি কথার মর্ম বোঝেন ও সেটার মূল্যায়ন করেন’

জুটি মিউজিকের ব্যানারের নচিকেতার সঙ্গে আরো কিছু গান সামনে আসতে যাচ্ছে বলে জানান জুলফিকার।