অস্কারের চূড়ান্ত তালিকায় একাধিক শাখায় মনোনীত হয়েছে ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার। আর ডিজনি প্লাস বলছে, সেখানে মুক্তির পর বৈশ্বিকভাবে সর্বোচ্চ ভিউ পাওয়া মার্ভেলের সিনেমা ওয়াকান্ডা ফরএভার। প্রথম পাঁচদিনের মোট ওয়াচ আওয়ার থেকে এ কথা জানিয়েছে ডিজনি প্লাস। রায়ান কুগলার পরিচালিত সিনেমাটি বক্স অফিসে আয় করেছে ৮৪ দশমিক ২৩ কোটি ডলার। গত নভেম্বরে মুক্তির পর ফেব্রুয়ারি পর্যন্ত থিয়েটারে চলেছিল সিনেমাটি।

একটি হিসাবে দেখা গেছে, সিনেমাটির ভিউ ব্ল্যাক অ্যাডামের চারগুণ। এর মধ্যে আরো কিছু কৌতূহলোদ্দীপক তথ্য দিয়েছে সাম্বা টিভি। তারা সাধারণত বিভিন্ন কনটেন্টের ভিউয়ারশিপ হিসাব করে থাকে। তারা জানিয়েছে, অন্যান্য কনটেন্টের তুলনায় এ সিনেমা কৃষ্ণাঙ্গদের বাড়িতে ৪৪ শতাংশ, হিস্পানিকদের বাড়িতে ২৭ শতাংশ এবং নতুন প্রজন্মের দর্শকদের মধ্যে ৯ শতাংশ দেখা হয়েছে।

ব্ল্যাক প্যান্থারের গল্পটির কারণে এটি কৃষ্ণাঙ্গদের আকর্ষণের কারণ হয়েছে। অন্যদিকে ভাইব্রেনিয়াম ও অন্যান্য প্রযুক্তির কারণেও সিনেমাটির প্রতি জেন জির আগ্রহ রয়েছে। এর আগে মার্ভেলের অন্যান্য সিনেমার প্রভাবও পড়েছে ব্ল্যাক প্যান্থারের ওপর। গত বছর দর্শকের চোখ ছিল মাল্টিভার্স অব ম্যাডনেস ও থর: লাভ অ্যান্ড থান্ডারের দিকে। কিন্তু সিনেমা দুটি আশা জাগিয়েও পূর্ণ করতে পারেনি। সেদিক থেকে ব্ল্যাক প্যান্থারে দর্শক নতুন করে আশা দেখতে পেয়েছিল। তাছাড়া এ সিনেমার মধ্য দিয়ে মার্ভেলের পরবর্তী গতিপথের একটি ইঙ্গিত ছিল। নতুন একটি চরিত্রও পরিচয় করানো হয়েছিল এর মধ্য দিয়ে।

ওয়াকান্ডা ফরএভার নিয়ে নানা কারণেই আশাবাদী হতে পারে মার্ভেল ও ডিজনি। মন্দার বাজারে সিনেমাটি ভালো ব্যবসা দিয়েছে। অন্যদিকে পেয়েছে দর্শক-সমালোচকের সমর্থনও। অস্কারে পাঁচ বিভাগে এটি মনোনীত হয়েছে। এর মধ্যে অ্যাঞ্জেলা ব্যাসেটের মনোনয়নটি গুরুত্বপূর্ণ। অস্কারের আগে তিনি গোল্ডেন গ্লোব জিতেছেন। সিনেমাটিতে অভিনয়ের জন্য পার্শ্ব অভিনেত্রী বিভাগে সেরার পুরস্কার জিতেছেন তিনি। অস্কারের জন্যও আশাবাদী এ সিনেমাসংশ্লিষ্টরা।


সূত্র: ডেডলাইন