সম্প্রতি সেন্সরের চৌকাঠ পার করেছে রাশিদ পলাশ নির্মিত সিনেমা ‘ময়ূরাক্ষী’। নির্মাতা নিজেই সেন্সরের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে ইয়ামিন হক ববির বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। একজন চলচ্চিত্র তারকা হিসেবে দেখা যাবে ববিকে। তার চরিত্রের নাম নয়নতারা।
সিনেমাটির মুক্তি নিয়ে জানতে চাইলে রাশিদ পলাশ বলেন, ‘ঈদে অনেক সিনেমার ভিড়ে আমাদের ময়ূরাক্ষী মুক্তি দিতে চাচ্ছি না। তাই ঈদের পর সিনেমাটি দর্শকের কাছে নিয়ে যেতে চাই আমরা। শিগগিরই আমরা ময়ূরাক্ষী রিলিজ ডেট ঘোষণা করব।’ সোমবার পোস্টার রিলিজের মাধ্যমেই ময়ূরাক্ষী সিনেমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে।
এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমাটার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই। রয় সন্দীপের চিত্রগ্রহণে ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছিল। এর সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব।
রাশিদ পলাশের প্রথম পরিচালিত ছবির নাম ‘নাইওর’। এরপর ‘পদ্মাপুরাণ’ সিনেমাটি নির্মাণ করেন তিনি। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’-এ তিন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে পদ্মাপুরাণ। এবার রাশিদ পলাশের অপেক্ষা ময়ূরাক্ষীর মুক্তি নিয়ে। অন্যদিকে সম্প্রতি এ নির্মাতা ‘রঙবাজার’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন।










