আজ মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘সিটি লাইফ’। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে নাটকটি। শাহরিয়ার তাসদিকের রচনায় এটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। অভিনয় করেছেন এফএস নাঈম, তানজিকা আমিন, নিশাত প্রিয়ম, পাভেল, তানজিম হাসান অনিক, মুকিত জাকারিয়া, মিলি বাসার, আব্দুল্লাহ রানা, শামীমা নাজনীন প্রমুখ। 

নাটকের গল্পে দেখা যাবে, মোর্শেদ মাহমুদ তার স্ত্রী, সন্তানদের চাপে গ্রামের সম্পত্তি বিক্রি করে ঢাকায় একটি ফ্ল্যাট কিনে স্থায়ীভাবে চলে এসেছেন। তাদের মতে, গ্রামে আধুনিক ও উন্নত জীবনযাপনের সুবিধা পাচ্ছেন না তারা। সন্তানদের যুগের সঙ্গে তাল মিলিয়ে বেড়ে ওঠার জন্য গ্রাম ছেড়ে ঢাকায় আসার সিদ্ধান্ত নিয়েছেন মোর্শেদ সাহেবের স্ত্রী রেণু। প্রথম দিনই পাশের ফ্ল্যাটের মুনিয়া ভাবি তাদের বাসায় আসা শুরু করেন। সব বিষয়ে তাদের পরামর্শ দেন, আগ বাড়িয়ে সাহায্য করেন। সারা দিন তার এ আসা-যাওয়া একসময় রেণুর ভেতর সন্দেহ তৈরি করে। মুনিয়ার স্বামী বিদেশে থাকে। মোর্শেদের সঙ্গে তার কোনো সম্পর্ক তৈরি হচ্ছে বলে রেণুর ধারণা। এ নিয়ে শুরু হয় সংসারে অশান্তি। এদিকে তাদের বড় মেয়ে প্রিয়ন্তী এলাকার প্রভাবশালী শহীদ সাহেবের ছেলে অয়নের প্রেমে পড়ে। অয়ন বখাটে টাইপের ছেলে। প্রিয়ন্তীর উদ্দেশ্য হলো অয়ন যেহেতু প্রভাবশালী, তাই তার সঙ্গে সম্পর্ক থাকলে অন্য কেউ ডিস্টার্ব করবে না। মোর্শেদ সাহেবের একমাত্র ছেলে সোহান শহরে আসার পর খুব দ্রুত বদলে যায়। বন্ধুবান্ধব, পার্টি, আড্ডা, ঘুরে বেড়ানো, নতুন নতুন মেয়েদের সঙ্গে প্রেম, রাত করে বাড়ি ফেরা তার নিত্যনৈমিত্তিক কাজ হয়ে দাঁড়ায়। এভাবেই চলতে থাকে নাটকের গল্প।