অভিনয় ছাড়াও গানে পারদর্শী তাসনিয়া ফারিণ। ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তাহসানের সঙ্গে ‘রঙে রঙে রঙিন হব’ গান দিয়ে গানে অভিষেক ঘটে তার। গানটি দ্রুত ভাইরাল হয়ে ফারিণের নতুন পরিচিতি এনে দেয়। সে জনপ্রিয়তার পর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার নতুন গানের জন্য। সে অপেক্ষার অবসান ঘটছে ৪ ডিসেম্বর, প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘মন গলবে না’।
গানের কথা লিখেছেন কবির বকুল। রঙে রঙে রঙিন হব’র মতো গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান। নতুন গান প্রসঙ্গে ফারিণ জানান, রঙে রঙে রঙিন হব প্রকাশের পর থেকেই তিনি ভিন্নধারার গান করার ইচ্ছা পোষণ করছিলেন। একদিন কবির বকুল গানটির কথা সারপ্রাইজ হিসেবে পাঠান, আর ইমরান জানান, এটি তার জন্য চমৎকার একটি একক গান হতে পারে। সুর শোনার পর ফারিণের খুব ভালো লাগে।
গানটির মাধ্যমে ফারিণ প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন। গানটি তৈরি হয়েছে তার নিজস্ব প্রতিষ্ঠান ফড়িং ফিল্মসের ব্যানারে। ভিডিওর নির্দেশনা দিয়েছেন নাহিয়ান আহমেদ। মিউজিক ভিডিওতে একসঙ্গে মডেল হয়েছেন ফারিণ ও ইমরান।
প্রযোজনায় নাম লেখানো প্রসঙ্গে ফারিণ বলেন, ‘মন গলবে না একটি কমার্শিয়াল ধাঁচের গান। এতে একটি ছোট গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গানটির ভিজুয়াল নিয়ে ভাবতে ভাবতে মনে হয়, অন্য প্রতিষ্ঠানের কাছে না গিয়ে নিজেই করা ভালো হবে।’ কারণ গানটি তার কাছে খুব ব্যক্তিগত। এ কারণে নিজের মতো কাজ করার জন্য প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন। ভবিষ্যতে গান ছাড়াও অন্যান্য কনটেন্ট নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে তার।
গানের প্রচারেও কমতি নেই। গত শুক্রবার রাতে প্রকাশিত টিজার এরই মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এর আগে ফেসবুকে ফারিণ গানটির একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার মন ইস্পাতের তৈরি, তাই তোমার জন্য গলবে না।’ ছবিতে দেখা যায় ফারিণ অভিমান করে দাঁড়িয়ে আছেন, আর ইমরান তার মন গলানোর চেষ্টা করছেন।
নতুন গানটি ৪ ডিসেম্বর তাসনিয়া ফারিণ ও ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।










