মহাসমারোহে বিয়ে হয়ে গেল সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির। দুই সপ্তাহ সংসারও করে ফেলেছেন তারা। জয়সলমিরে তাদের সাড়ম্বর বিয়ের কথা সবারই জানা। এরপর মুম্বাইতে রিসেপশন করেন এ জুটি। বাস্তবজীবনে জুটি বাঁধার আগে তারা শেরশাহ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন। সম্প্রতি কিয়ারাকে স্ত্রী হিসেবে পাওয়ায় সিনেমাটিকে ধন্যবাদ দিয়েছেন সিদ্ধার্থ। তিনি নিউজএইটিনের সঙ্গে এক সাক্ষাৎকারে মজা করেই বলেন, ‘‌ শেরশাহ কেবল দর্শকের ভালোবাসাই দেয়নি, স্ত্রীও দিয়েছে।’ 

তিনি আরো জানান, তাদের বিয়ে আসলে ‘‌নির্ধারিত’ ছিল। ক্যাপ্টেন বিক্রম বাত্রার পরিবারও এ বিয়ের খবরে বেশ আবেগতাড়িত হয়ে পড়েছে। সিনেমায় বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ আর তার প্রেমিকা ডিম্পলের চরিত্রে কিয়ারা। সিদ্ধার্থ বলেন, ‘‌মনে হচ্ছে বাস্তবজীবনের বিক্রম আর ডিম্পল যেন অন্য কোনো পৃথিবীতে একে অপরের হয়েছে। শেরশাহ আমাকে মানুষের ভালোবাসার পাশাপাশি একজন স্ত্রীও উপহার দিয়েছে। একটা সিনেমা থেকে এর চেয়ে বেশি কী চাওয়া যায়?  আমার মনে হয় এটা নির্ধারিত ছিল। আমাদের মতোই বিশাল বাত্রাও (বিক্রম বাত্রার যমজ ভাই) আমাদের বিয়েতে এসে আবেগতাড়িত হয়েছিলেন।’

সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের প্রথম ছবির সঙ্গেও শেরশাহর সংযুক্তি ছিল। তারা বিয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘‌আমাদের পার্মনেন্ট বুকিং হয়ে গেল’। এটি মূলত সিনেমারই সংলাপ।  তারা ওই সিনেমার মাধ্যমে কাছাকাছি আসা ও বিয়ের কারণে নিজেদের সঙ্গে সিনেমাকে যুক্ত করেছেন। কৃতজ্ঞতা প্রকাশের এ ভাষাই বেছে নিয়েছেন দুজনে।

অন্যদিকে বিবাহিত জীবন নিয়ে কথা বলেছেন কিয়ারা। কিয়ারা বলেন, ‘‌আমি খুব আবেগতাড়িত ছিলাম। দরজা খোলার পর যখনই তাকে দেখলাম, আমার মনে হলো ‍আরে, আমার বিয়ে হচ্ছে!" এ আবেগ নিয়েই আমি তার পাশে হেঁটেছি। হ্যাঁ, আপনি যদি আপনার ভালোবাসার কাউকে বিয়ে করেন, তাহলে এমন অনুভূতিই হবে, তাই না?’

বিয়ের পর সিদ্ধার্থ-কিয়ারা সিনেমা নিয়ে ব্যস্ত হতে শুরু করেছেন। সিদ্ধার্থের হাতে রয়েছে যোদ্ধা ও ইন্ডিয়ান পুলিশ ফোর্স। অন্যদিকে কিয়ারা আদভানি এরই মধ্যে সত্য প্রেম কি কাহানির শুটিং শুরু করেছেন। আর সম্প্রতি জি সিনে অ্যাওয়ার্ডসে পারফরমার অব দ্য ইয়ার (নারী) হয়েছেন তিনি।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস