মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অন্যতম জনপ্রিয় চরিত্র আয়রন ম্যান। তবে চরিত্রটি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ এর অভিনেতা। মার্ভেলের তখন এত জনপ্রিয়তা হয়নি। রবার্ট ডাউনি জুনিয়রের ক্যারিয়ারও তখন ভালো যাচ্ছে না। এ অবস্থায় ২০০৮ সালে মুক্তি পায় আয়রন ম্যান। প্রথম সিনেমায়ই দর্শকের মন জয় করেন ডাউনি। ২০১০ সালে পরের সিনেমায় বুঝিয়ে দেয়া হয়েছিল মার্ভেলের সিনেমার অন্যতম প্রধান চরিত্র হতে যাচ্ছে আয়রন ম্যান। আর সেখানে রবার্ট নিজের মতো করে গড়েছিলেন আয়রন ম্যানকে। পরবর্তী ১০ বছরে তিনিই যেন হয়ে উঠলেন অ্যাভেঞ্জার্সের সেরা। কিন্তু সিনেমার দুনিয়ার বাইরেও থাকে আরো কিছু। তাই মার্ভেলের সঙ্গে আর চুক্তি বাড়ালেন না রবার্ট ডাউনি। কিন্তু জোনাথন মেজর্স চান তিনি যেন মার্ভেলে ফিরে আসেন।

কয়েকদিন পরই মুক্তি পাচ্ছে মার্ভেলের নতুন সিনেমা অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ: কোয়ান্টোমেনিয়া। এতে ক্যাং চরিত্রে অভিনয় করছেন জোনাথন মেজর্স। মার্ভেলের লাইনআপ অনুসারে মেজর্স হতে যাচ্ছেন মার্ভেলের আসন্ন ফেজের প্রধান খল চরিত্র। তিনিই বললেন ক্যাং ডাইন্যাস্টিতে হলেও আয়রন ম্যান হিসেবে ডাউনি জুনিয়রের ফেরা উচিত। মেজর্স বলেন, ‘‌ক্যাং ডাইন্যাস্টি একটা বড় পরিসরের সিনেমা হতে যাচ্ছে। তবে এখন নতুন সিনেমাটি ছাড়া কিছু ভাবতে পারছি না।’ এর পরই প্রসঙ্গত তিনি রবার্ট ডাউনি জুনিয়রের কথা বলেন।

‘‌তিনি একজন অসাধারণ অভিনেতা। আমি নিজে তার ভক্ত। মার্ভেল ইউনিভার্সে তিনি... কী বলব, মূল চরিত্রদের একজন। আমি মনে করি তিনি যেভাবে আয়রন ম্যানকে উপস্থাপন করেছেন সেটা সংস্কৃতির অংশ হয়ে উঠেছে’— এভাবেই বলেন জোনাথন মেজর্স। এখানেই শেষ করেননি। কথোপকথনের এ পর্যায়ে তিনি জানান, রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে তিনি অভিনয় করতে চান। এ প্রসঙ্গে বলেন, ‘‌আমি তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই। তার দর্শন, অভিনয়, চরিত্র অনুসারে অভিনয় বদলে ফেলার ব্যাপারগুলো বুঝতে চাই। তাকে আমার বেশ মুগ্ধকর অভিনেতা বলে মনে হয়। তার আয়রন ম্যান আমাকে মুগ্ধ করেছে। অ্যাভেঞ্জার্সের এনার্জি, উদ্দেশ্য আর তাদের পৃথিবীর স্পষ্ট একটি চিত্র পাওয়া যায় আয়রন ম্যানের দর্শন ও কাজে। ক্যাংয়ের পৃথিবী ও সময় একদম ভিন্ন।’ ভিন্ন হলেও মেজর্স মনে করেন সেখানে আয়বন ম্যান এলে খারাপ হবে না।

রবার্ট ডাউনি জুনিয়রসহ অ্যাভেঞ্জার্সের অন্য অভিনেতারাও মার্ভেল ছেড়েছেন বা ছাড়ছেন। মূলত একই ফ্র্যাঞ্চাইজে বহুদিন অভিনয় তাদের ক্যারিয়ারের জন্য ক্ষতিকর। ডাউনি জুনিয়রের ক্ষেত্রে আরেকটি কারণ তার পারিশ্রমিক। বলা হয় তার পারিশ্রমিক মার্ভেলের একটি সিনেমার বাজেটের সমান। তবু জোর গুঞ্জন আছে কোনো একটি সিনেমায় ক্যামিও হলেও করবেন ডাউনি জুনিয়র। দেখা যাক তা ক্যাং ডাইন্যাস্টিই হয় কিনা।

সূত্র: ডেডলাইন