কিছুদিন পরই ঈদ। প্রতি ঈদেই নিয়মিত দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা। এ বছর মুক্তির মিছিলে রয়েছে একাধিক সিনেমা, এর মধ্যে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’। এতে অভিনয় করেছেন নিরব, বুবলী ও তাসকিন। এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার। ‘জয় আর পরাজয়ের মাঝের সময়টাই লাক’ নিরবের মুখে এমন সংলাপ দিয়ে ক্যাসিনোর টিজারের শুরু। টিজারে রহস্যময়ী লুকে দেখা দিয়েছেন বুবলী। অন্যদিকে নিরব হাজির হয়েছেন গোয়েন্দা পুলিশ হিসেবে। এক মিনিটের টিজারটি নেটিজেনদের নজর কেড়েছে।
সৈকত নাসির তার ক্যাসিনো প্রসঙ্গে বলেন, ‘সিনেমাটি বানিয়েছি দর্শকের কথা চিন্তা করে। কেননা দর্শক আমার নির্মাণ সম্পর্কে জানে। তাই হলে দর্শক আসে। ঈদে তারা সিনেমাটি দেখলে আবারো দ্বিতীয়বার দেখার জন্য হলে আসবেন।’
এ সিনেমায় ভিন্নভাবে দেখা যাবে নিরবকে। ঢাকাই চলচ্চিত্রে এ নায়ক গোয়েন্দা সংস্থার সদস্যের অভিনয় করেছেন। সিনেমাটি নিয়ে জানতে চাইলে নিরব বলেন, ‘শুটিং শেষ করার পর পরই ক্যাসিনো মুক্তি পেলে হয়তো ভালো হতো। কিন্তু টানা প্রায় দুই বছর কভিডসহ আরো কিছু সমস্যা ছিল। ফলে মুক্তি দেয়া যায়নি। এখন মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ক্যাসিনোর গল্পটা ভালো, আমরাও নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছি। আশা করছি ঈদ উৎসবে দর্শকের কাছে খারাপ লাগবে না সিনেমাটি।’
২০১৯ সালে ছবিটির শুটিং শুরু হয়, শেষ হয় ২০২০ সালে। তিন বছর পর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। করোনাভাইরাসের কারণে জনজীবন স্থবির হয়ে পড়ে ২০২০-২০২১ সাল পর্যন্ত। এ সময় স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখেই দীর্ঘদিন বন্ধ ছিল সারা বিশ্বের প্রেক্ষাগৃহ। আমাদের দেশেও সে ধারা বজায় ছিল। এতে অনেক সিনেমার মুক্তিতে বিঘ্ন ঘটে। এ তালিকায় আছে সৈকত নাসিরে আসন্ন সিনেমা ক্যাসিনো। নির্মাণের তিন বছর পর মুক্তির আলো দেখিয়ে সিনেমাটি হলে দর্শক আনতে পারে কিনা সেটা দেখার পালা। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি নিয়ে বুবলী বললেন, ‘আমাদের সিনেমা অবশেষে মুক্তি পাবে, ভালো লাগছে। এরই মধ্যে ক্যাসিনোর প্রকাশিত টিজার সবাই পছন্দ করেছেন। থ্রিল-অ্যাকশন ঘরানার সিনেমা এটি। আমার বিশ্বাস, এটি ঈদে প্রেক্ষাগৃহে বেশ জমবে।’
নির্মাতা ও সহশিল্পীদের নিয়ে বুবলী বলেন, ‘আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপুর্ণ সিনেমা এটি। এ সিনেমা দিয়েই একা পথচলা শুরু করেছি। সহশিল্পী, পরিচালক, ইউনিট সব মিলে দারুণ পরিবেশ ছিল। কাজ করার সময় সবাই সহযোগিতা করেছেন। আর ক্যাসিনো নিয়ে আগে থেকেই কিছু বলতে চাই না। শুধু বলব, দর্শক সিনেমা হলে একবার গেলে, আবারো যেতে ইচ্ছা করবে।’
এতে নিরব ও বুবলী ছাড়া আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। ক্যাসিনোর গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য আসাদ জামানের।










