স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম। ‘বিজয় নিশান উড়ছে ওই’ এ বিখ্যাত গানটির সুর ও সংগীত পরিচালক তিনি। একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন এ সুরের জাদুকর।
১৯৪৬ সালের ১৪ মার্চ সিলেটে সুজেয় শ্যামের জন্ম। তার বাবা অমরেন্দ্র চন্দ্র শাহ ছিলেন ‘ইন্দ্রেশর-টি’ নামের একটি চা বাগানের মালিক। সিলেটেই কাটে তার শৈশব। ১০ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ।
দীর্ঘ সংগীতজীবনে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন সুজেয় শ্যাম। সংগীতে অবদানের জন্য ‘চ্যানেল আই ১৮তম মিউজিক অ্যাওয়ার্ড’-এ আজীবন সম্মাননা, ২০১৮ সালে ‘একুশে পদক’ ও ২০১৫ সালে ‘শিল্পকলা পদক’ পান তিনি। চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি শ্রেষ্ঠ সংগীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
সুজেয় শ্যামের সুর করা গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয় রে চাষী মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ প্রভৃতি উল্লেখযোগ্য।
দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন সুজেয় শ্যাম। তার হৃদযন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয়েছিল। জানা গেছে, প্রবীণ এ শিল্পীর শরীরের অভ্যন্তরে ইনফেকশন হয়েছিল, যা রক্তে ছড়িয়ে পড়েছিল। অবশেষে বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তার মৃত্যুর সংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুজেয় শ্যামের ভাতিজা সুমিত শ্যাম পল।










