জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার ইতিহাসের এক আলোকমশাল। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি। আজ এ মহান নেতার জন্মদিন। আজকের দিনটিকে জাতি একই সঙ্গে ‘জাতীয় শিশু দিবস’ হিসেবেও উদযাপন করছে। 

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানসূচিতে বিশেষ পরিবর্তন এনেছে বাংলাদেশ টেলিভিশন। এ দিনে বিশেষ রূপে সেজেছে বিটিভির দিনব্যাপী অনুষ্ঠানমালা। এমনটাই জানালেন রাষ্ট্রীয় এ গণমাধ্যমের পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ। তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বিটিভির অনুষ্ঠানসূচিতে বিশেষ কয়েকটি অনুষ্ঠান যুক্ত করা হয়েছে। রয়েছে শিশুতোষ বিশেষ আলেখ্যানুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান, প্রামাণ্যানুষ্ঠান ও আলোচনানুষ্ঠান।

বৈশাখী টেলিভিশনেও আজ বিশেষ আয়োজন রাখা হয়েছে। রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘চেতনায় মুজিব’। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনায় আকাশ রঞ্জন। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তন্ময় সোহেল, আশরাফ কবির, অনামিকা, শরীফ প্রমুখ। দীপ্ত টিভিতে বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশেষ প্রামাণ্যচিত্র ‘পিতার নিবাস’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠান ‘আমাদের বাতিঘর’ বাংলাভিশনে প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।