উপমহাদেশের সাম্প্রতিক সিনেমা নিয়ে ১৫-২৫ আগস্ট আয়োজিত হচ্ছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন। অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত এ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘আগন্তুক’ (দ্য স্ট্রেঞ্জার)। বিপ্লব সরকার নির্মিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক। সিনেমাটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, সাহানা রহমান সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসিমুন, নাঈমা তাসনিমসহ অনেকে। সিনেমাটি ২০১৯-২০ সালে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত। এর আগে এশিয়ার অন্যতম বৃহত্তম সিনেমার আসর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে ‘আগন্তুক’-এর প্রিমিয়ার হয়। ২০২২ সালে এটি ভারতের গোয়ায় অনুষ্ঠিত ফিল্ম বাজারের ভিউয়িং রুমের রিকমেন্ডস বিভাগে পোস্ট-প্রডাকশন স্টেজের সেরা সিনেমা হিসেবে প্রসাদ ল্যাব ডিআই ও মুভিবাফ অ্যাপ্রিসিয়েশন পুরস্কার জিতে নেয়। 

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে কাজল নামে ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। মা ও অসুস্থ দাদিকে নিয়ে কাজলদের সংসার। অনেক দিন ধরে নিখোঁজ কাজলের বাবা হঠাৎ একদিন ফিরে এলে শুরু হয় টানাপড়েন। সিনেমাটি নিয়ে ফেরদৌসী মজুমদার বলেন, ‘আগন্তুক অত্যন্ত সাহসী একটি প্রযোজনা। বাংলাদেশের প্রচলিত সিনেমা থেকে এর নির্মাণশৈলীও একেবারে আলাদা। প্রযোজক, পরিচালক ও কলাকুশলীদের প্রতি আমার শুভকামনা রইল।’

এর আগে পরিচালক বিপ্লব সরকার বলেছিলেন, ‘আমরা সবসময় পৃথিবীতে বিচ্ছিন্নতার মধ্যে থাকি। কাজের জন্য একে অন্যের সঙ্গে যুক্ত থাকার কারণে সেটা অনুভব করতে পারি না। মহামারীর মধ্যে গৃহবন্দি অবস্থায় আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। মহামারী সে বিচ্ছিন্নতা আরো গভীরভাবে ভাবিয়েছে। চরিত্রগুলো নির্মাণে তাড়িত করেছে।’