বলিউড অভিনেতা রণবীর সিং ভিন্ন ধারার পোশাক পরতে ভালোবাসেন। প্রায়ই তিনি অদ্ভুত বিলাসবহুল পোশাকে চমকে দেন সবাইকে। বুধবার জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড গুচির ২ লাখ রুপির পোশাকে ক্যামেরায় ধরা দিলেন এ অভিনেতা।

কেবল বিভিন্ন অনুষ্ঠান বা ফটোশুট নয়, রণবীর তার দৈনন্দিন জীবনেও বিলাসবহুল পোশাক বেছে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সম্প্রতি ঘরোয়াভাবেই ক্যামেরাবন্দি হন এ অভিনেতা। আর তখন তার পরনে ছিল গুচি ব্র্যান্ডের গোলাপি আনারসের প্রিন্ট করা পোশাক।  

গুচির সিল্কের শর্টস ও শার্টে মুম্বাইয়ের শহরতলিতে রণবীর সিংকে এভাবে দেখে অনেকেই অবাক হয়েছেন। 

রণবীর সিংয়ের বৈচিত্র্যময় গুচির শার্ট-শর্টস সেট তার ব্যক্তিত্বের প্রকাশ করছিল। তার শার্টটির দাম ১ লাখ রুপির বেশি আর শর্টস প্রায় ১ লাখ রুপি। গুচিভক্ত রণবীর সিংয়ের স্নিকার্সটিও গুচি ব্র্যান্ডের, যেটি প্রায় ৭০ হাজার রুপিতে মিলবে। সব মিলিয়ে প্রায় ৩  লাখ রুপি খরচ করেছেন এ তারকা। 

ভিন্ন ধারার পোশাক পরে আলোচনার শীর্ষে থাকেন রণবীর সিং। কিছুদিন আগে গুচির চকচকে নীল রঙের ট্র্যাক স্যুট আর লম্বা স্বর্ণের নেকলেস পরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন এ তারকা।

অন্য সব তারকা থেকে তাকে আলাদা করা যায় এই পোশাকের জন্যই। ভিন্ন ধরনের পোশাকের কারণে প্রায়ই ভাইরাল হয় রণবীর সিংয়ের ছবি। নেটিজেনদের একাংশ পোশাক নিয়ে প্রায় সময়ই ট্রোল করতে শুরু করেন। কিন্তু তাতে কিছু আসে যায় না এ তারকার। কারণ তিনি নিজের মতো করে জীবন উপভোগ করতে ভালোবাসেন। বলিউড তারকাদের অনেকেই যেখানে লেখাপড়ার বিষয়টি নিয়ে উদাসীন, সেখানেও রণবীর সিং বেশ আলাদা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেছেন এ তারকা।

এছাড়া তার ব্যক্তিত্ব বেশ আলাদা। সবসময় সবার সঙ্গে মজা করেন, সময় পেলেই স্ত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে বেরিয়ে পড়েন এ তারকা। দীপিকার প্রতি তার ভালোবাসা প্রায়ই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে। 

গাড়ির প্রতি এ তারকার রয়েছে আলাদা আকর্ষণ। রণবীর আর দীপিকার বাড়ির গ্যারেজে বিভিন্ন  ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি শোভা পায়। অ্যাস্টন মার্টিন র্যাপিড এসের মতো বিলাসবহুল গাড়ি রয়েছে রণবীর সিংয়ের। তার গাড়িটির বাজারদর সাড়ে ৩ কোটি রুপির মতো, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা। এমনকি একটি ল্যাম্বারগিনিও রয়েছে এ বলিউড তারকার।

 

সূত্র: পিংকভিলা