কোনো উদযাপন নয়, প্রচারণা নয়, নীরবেই গত ২৪ ডিসেম্বর প্রকাশ হয় বাংলা ফাইভ ব্যান্ডের নতুন অ্যালবাম ‘লুকিয়ে থাকার সময়’। অ্যালবামের নতুন গানগুলো নিয়ে শ্রোতাদের কাছে ছুটছে ব্যান্ড বাংলা ফাইভ। এরই মাঝে শনিবার ব্যান্ডটি পারফর্ম করেছে ভারতের অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন কৃষ্ণনগর বসন্ত উৎসবে। প্রতি বছর আয়োজিত হওয়া এ উৎসবের এবারের আসরের তৃতীয় দিন মাতাল ব্যান্ড দলটি। উৎসবের পোস্টারে দেখা গেছে ভারতের বাউল গোলাম ফকির, অনন্যা চক্রবর্তী ও শিলাজিতের সঙ্গে বাংলা ফাইভ সদস্যদেরও।

ব্যান্ডের ভোকাল সিনা হাসান বলেন, ‘‌প্রায় ১৫টি ব্যান্ডের মধ্যে হেড লাইনার হিসেবে পারফর্ম করেছে বাংলা ফাইভ। দারুণ রেসপন্স ছিল। আয়োজকদের আতিথেয়তারও কমতি ছিল না। নতুন অ্যালবাম প্রকাশের পর ফের ভারতে গাইতে এলাম। দেশেও দারুণ সব সময় কাটছে। অনেকগুলো বড় কনসার্ট করা হয়েছে এরই মধ্যে। নতুন গানের রেসপন্সও দারুণ।’

ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম ‘লুকিয়ে থাকার সময়’ প্রকাশের কোনো উদযাপন হয়নি। ছিল না তেমন কোনো প্রচারণাও। সিনা জানান, মূলত শ্রোতাদের ওপর আস্থা রাখতে চেয়েছিলেন তারা। বাংলা ফাইভ ব্যান্ডের বর্তমান ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় এক লাখ। ব্যান্ডের চ্যানেলে গানগুলো এরই মধ্যে শোনা হয়েছে ১ কোটি ৩৫ লাখ বার। সিনার ভাষ্যে, ‘‌আমরা চেয়েছি আমাদের যারা সত্যিকার শ্রোতা আছেন, তারাই আগে আমাদের গানগুলো শুনুক। গান ভালো লাগলে মানুষ নিজেই তা শোনে। হয়েছেও তাই। যে রেসপন্স পাচ্ছি, তাতে শ্রোতারা জানাচ্ছেন, তাদের পছন্দের প্লে লিস্টে থাকছে গানগুলো, বারবার শুনছেন, যা করতে চেয়েছি, তা ওয়ার্ক করছে।’ লুকিয়ে থাকার সময় অ্যালবামের গানগুলো জানতে চাইলে সিনা আরো জানান, মানুষকে নিজের মধ্যে নিমগ্ন করে এমন কিছু মুহূর্তের গান আছে এতে। সামাজিক ও রাজনৈতিক সচেতনতার জায়গা থেকেও আছে কিছু ধ্রুপদী উচ্চারণ।

ব্যান্ডটি জানায়, ঈদ উপলক্ষে কুষ্টিয়ায় একটি বড় কনসার্টে পারফর্ম করবে। সবচেয়ে বড় সারপ্রাইজ হিসেবে অপেক্ষা করছে ভারতের আরেকটি বৃহৎ কনসার্ট। সেটা তারা চমক হিসেবেই রাখতে চাইছে।