মাইকেল জ্যাকসন এস্টেট তাদের অর্ধেক মিউজিক ক্যাটালগ বিক্রির চিন্তা করছে। এর মূল্যমান হতে পারে ৮০-৯০ কোটি ডলার। তিনটি সূত্র থেকে ভ্যারাইটি এ বিষয়ে নিশ্চিত হয়েছে। বিস্তারিত এখনো জানা যায়নি, তবে বলা হচ্ছে সনি ও আরেকটি সম্ভাব্য প্রতিষ্ঠান জ্যাকসন এস্টেটের সঙ্গে এ বিষয়ে আলাপ করছে। চুক্তিটি হয়ে গেলে এটি সংগীত মার্কেটের অন্যতম সেরা ও ব্যবসাসফল চুক্তি হবে।
আগে সনি আরো কয়েকটি বড় ক্যাটালগ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। প্রতিষ্ঠানটি ব্রুস স্প্রিংস্টিনের প্রকাশিত ও ধারণকৃত মিউজিক ক্যাটালগ ৬০ কোটি ডলারে কিনে নিয়েছিল। বিভিন্ন সূত্র অনুসারে জানা যায়, বব ডিলানের ধারণকৃত মিউজিক ক্যাটালগের স্বত্ব ক্রয়ের জন্য সনি ১৫-২০ কোটি ডলার ব্যয় করেছিল। কিংবদন্তি এ গীতিকবি ইউনিভার্সাল মিউজিকের কাছে প্রায় ৪০ কোটি ডলারে তার প্রকাশিত কাজের স্বত্ব বিক্রি করেছিল। সাম্প্রতিক বছরগুলোয় এ ধরনের ব্লকবাস্টার ব্যবসা রুটিনে পরিণত হয়েছে।
সূত্রগুলো চুক্তিতে আর্থিক অংশীদারের নাম নিশ্চিত করেনি। এটি এখনো অস্পষ্ট, আদৌ কেউ জড়িত কিনা। তবে এলড্রিজ ইন্ডাস্ট্রিস হওয়ার সম্ভাবনা আছে। এর আগে স্প্রিংস্টিনের ক্যাটালগ ক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সনির সঙ্গে জড়িত ছিল। ২০২০ সালের আগে প্রকাশিত কিলারসের ক্যাটালগগুলোও কিনেছিল প্রতিষ্ঠানটি। আরেকটি সম্ভাব্য নাম হতে পারে শামরক। সম্প্রতি তারা ইউনিভার্সালের সঙ্গে জোট বেঁধে ২০ কোটিরও অধিক ডলার দিয়ে ডক্টর ড্রের ক্যাটালগ কিনেছে। ২০২০ সালে তারা টেইলর সুইফটের প্রথম ছয়টি অ্যালবামের স্বত্ব অধিগ্রহণ করে।
জ্যাকসনের সম্পূর্ণ একক ক্যারিয়ারে সনি ও তার পূর্বসূরি সিবিএস ছিল জ্যাকসনের ধারণকৃত মিউজিক ক্যাটালগের একমাত্র পরিবেশক। পরবর্তী সময়ে জ্যাকসন ফাইভে তার ক্যারিয়ারের সঙ্গেও তারা জড়িত ছিল। ২০০৯ সালে ৫০ বছর বয়সে জ্যাকসন মারা যান। এরপর থেকে তার এস্টেট দৃঢ় হাতে সামলাচ্ছেন, তার দীর্ঘ সময়ের অ্যাটর্নি ব্রাংকা ও কো-এক্সিকিউটর জন ম্যাকক্লেইন।
সূত্র: ভ্যারাইটি










