গত জানুয়ারিতে ঘোষণা আসে তরুণ নির্মাতা কামরুল ইসলাম রিফাতের ‘ওয়ান ইলেভেন’-এর। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। এবারে ‘ওয়ান ইলেভেন’ সিনেমায় যুক্ত হলেন গাউসুল আলম শাওন। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এ সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন শাওন। পাশাপাশি সিনেমাটির সহপ্রযোজক হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শাওন এর আগে বিভিন্ন বিজ্ঞাপন ও ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করেছেন।
ওয়ান ইলেভেন সিনেমা প্রসঙ্গে গাউসুল আলম শাওন বলেন, ‘এ সিনেমার গল্প আমাকে টেনেছে। এর সঙ্গে সিনেমাটার টিম ও কাজের ধরন আমাকে মুগ্ধ করেছে। এ কারণেই সহপ্রযোজক হিসেবেও থাকছি। এতে আমি একজন রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করব। আমার বিশ্বাস এটি ভালো কিছুই হবে।’
সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক রবিন শামস। মিডিয়া পোস্টের ব্যানারে নির্মিত হতে যাওয়া চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন হুমায়ুন কবির বিশ্বাস। সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু। সিনেমার গল্প ও অন্যান্য চরিত্র নিয়ে নির্মাতা জানিয়েছেন, ‘ধুরন্ধর রহস্যময় রোমাঞ্চকর ইতিহাসকে আতশ কাচের নিচে ফেলতেই স্পষ্ট দেখা মেলে নায়ক, খলনায়ক, পুলিশ, গোয়েন্দা, লেখক, গণমাধ্যম আর কিছু অসমাপ্ত প্রশ্নের ভুলভ্রান্তিতে ভরা উত্তর। এ চলচ্চিত্র সে গল্পই বলে।’
শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা কামরুল ইসলাম রিফাত। সৈয়দ গাউসুল আলম শাওন বাংলা দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ। তিনি টেলিভিশন বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে জড়িত আছেন। ‘আয়নাবাজি’ চলচ্চিত্র দিয়ে চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম চলচ্চিত্রেই তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে অনম বিশ্বাসের সঙ্গে যৌথভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।










