চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছোট পর্দা থেকে বড় পর্দায়, এরপর বিজ্ঞাপনের জগতে—সবখানেই নিজের মেধা, সৌন্দর্য ও ব্যক্তিত্ব দিয়ে জায়গা করে নিয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক সফল কাজ উপহার দিয়ে এখনো সমান জনপ্রিয় মিম। আজ তার জন্মদিন।
প্রতি বছরের মতো এবারো তিনি জন্মদিনটি উদযাপন করছেন পরিবারের সঙ্গে। জানা গেছে, গত শুক্রবার রাত থেকেই রাজধানীর বসুন্ধরায় নিজের অ্যাপার্টমেন্টে শুরু হয়েছে জন্মদিনের পারিবারিক আয়োজন, যা চলবে সারা দিন। এবারের জন্মদিনে মিম যাচ্ছেন না কোনো টেলিভিশন চ্যানেল বা পত্রিকা অফিসে। তিনি বলেন, ‘জন্মদিনটা একেবারেই নিজের মতো করে, পরিবারের ছায়াতলে থেকেই উদযাপন করতে চাই।’
এ প্রসঙ্গে মিম আরো বলেন, ‘প্রতি বছর জন্মদিনটি নানা কারণে বিশেষ হয়ে ওঠে। এ বছর কীভাবে বিশেষ হয়ে উঠবে, সেটি জানি না। তবে আমি আমার বাবা-মায়ের সঙ্গে থাকতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। স্বামী সনি তো সবসময়ই দিনটিকে বিশেষ করে তুলতে নানা পরিকল্পনা করে। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ, যিনি আমাকে সুন্দর ও শৃঙ্খলিত জীবন দিয়েছেন, দিয়েছেন এমন দারুণ বাবা-মা আর অনিন্দ্য সুন্দর মনের একজন জীবনসঙ্গী।’
ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি সবার ভালোবাসা ও দোয়ার মাঝেই থাকতে চাই। শিগগিরই একটি সুখবর দিতে যাচ্ছি। জন্মদিনের রেশ থাকতে থাকতেই সেটি জানাব।’
বিদ্যা সিনহা মিম দীর্ঘদিন ধরেই ‘ইউনিসেফ’-এর শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন।
ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে তিনি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন নিয়মিত।
মিম অভিনীত সর্বশেষ তুমুল আলোচিত সিনেমা ছিল রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’, যা তার ক্যারিয়ারের অন্যতম সফল চলচ্চিত্র হিসেবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।










