বাংলাদেশের সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর, শিবা শানু, অভিনেতা শাহেদ আলী, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও অভিনেতা জিয়াউল রোশান এবারই প্রথম একসঙ্গে একই সিনেমায় অভিনয় করছেন। রায়হান খানের পরিচালনায় ‘পায়েল’ সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাবে। এরই মধ্যে সিনেমার প্রথম লটের শুটিং শেষ হয়েছে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে।
সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। তার কথায়, এটি মূলত একটি নারীকেন্দ্রিক গল্পের সিনেমা। ভাবনা বলেন, ‘আমার তো মনে হয় দীর্ঘদিন পর নারীকেন্দ্রিক কোনো বাণিজ্যিক ঘরানার সিনেমা নির্মিত হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে। গল্পটা মূলত আমাকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে, তাই আমি প্রবল আগ্রহ নিয়ে কাজটা করছি। আর রায়হান ভাই সম্পর্কে সবাই কম বেশি অবগত। তিনি বাংলাদেশের অন্যতম মেধাবী একজন সিনেমাটোগ্রাফার। তিনিই সিনেমাটি নির্মাণ করছেন। যে কারণে কাজটি করতে বেশ ভালো লাগছে।’ মিশা সওদাগর বলেন, ‘গল্পটা এককথায় অসাধারণ। আমার চরিত্রটি নিয়েও ভীষণ আশাবাদী। চেষ্টা করছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। সত্যি বলতে কী অ্যারেঞ্জমেন্ট ভালো হলে কাজ করতে ভালো লাগে।’
রোশানও পায়েল সিনেমায় কাজ করে খুশি। তিনি বলেন, ‘একটা দৃশ্যের কথা রেফারেন্স টেনেই বলছি। দৃশ্যটি করার আগে আমি ভাবছিলাম রায়হান ভাই দৃশ্যটি কীভাবে করবেন। পরে দেখলাম যে তিনি তার মেধা দিয়ে এত চমৎকারভাবে দৃশ্যটি শেষ করলেন যে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই তিনি মেধাবী পরিচালক। এতে কাজ করে আমারও ভীষণ ভালো লাগছে।’ শিবা শানু সর্বশেষ হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেছেন। এদিকে শাহেদ আলী নিয়মিত সিনেমার পাশাপাশি ওটিটি প্লাটফর্ম ও টিভি নাটকেও অভিনয় করছেন। ১০ অক্টোবর সন্ধ্যা ৭টায় শাহেদ আলী রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলমান ‘গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব’-এ আজাদ আবুল কালামের নির্দেশনায় (প্রাচ্যনাটের ৪২তম প্রযোজনা) ‘অচলায়তন’ নাটকে অভিনয় করবেন।
এদিকে ভাবনা অভিনীত ‘দামপাড়া’ সিনেমাটি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। এছাড়া ভাবনা তার বাবা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ সিনেমার কাজ শেষ করেছেন। ভাবনা জানান, যাপিত জীবন সিনেমাটি শুটিং শেষে সব মিলিয়ে খুব ভালো হয়েছে।










