ওয়েব দুনিয়ার জনপ্রিয়তা বাড়ছে। আর দর্শক টানতে ওটিটি মাধ্যমগুলো ভিন্নধর্মী গল্প নিয়ে কাজ করছে। এবার হইচই বাংলাদেশ তাদের নতুন ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এর চরিত্রগুলোর ফার্স্ট লুক প্রকাশ করল।
অ্যাকশন থ্রিলার সিরিজটিতে বিদ্যা সিনহা সাহা মিম ও এফএস নাঈমকে দেখা যাবে ভিন্নভাবে। মিশন হান্টডাউন সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।
এ সিরিজে ‘মাহিদ’ চরিত্রে এফএস নাঈম এবং ‘নীরা’ চরিত্রে বিদ্যা সিনহা সাহা মিম অভিনয় করছেন। সিরিজটিতে অভিনয় প্রসঙ্গে এফএস নাঈম বলেন, ‘আমার এখন পর্যন্ত প্রায় সব কাজই বিশ্বাসের ওপর ভিত্তি করে করা। হইচই ও পরিচালক সানী সানোয়ার আমার ওপর যে আস্থা রেখেছিলেন, এ কাজে তার যথাসাধ্য মূল্য দেয়ার চেষ্টা করেছি। চেষ্টা করেছি মনে-প্রাণে মাহিদ চরিত্রটি সুন্দরভাবে উপস্থাপন করার। পরিচালক ও আমি চরিত্রটি নিয়ে অনেক আলোচনা করেছি। দিন শেষে মাহিদ একটি খুব মানবিক চরিত্র, গতিশীল চরিত্র এবং আমি নিশ্চিত, লোকেরা মাহিদের জার্নি পুরোপুরি পছন্দ করবে।’
বিদ্যা সিনহা বলেন, ‘নীরা চরিত্রটিতে অভিনয় করতে পেরে আমি খুবই আনন্দিত। প্রথমবারের মতো হইচইয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই খুব এক্সাইটেড। প্রথমে স্ক্রিপ্ট নিয়ে যখন আমার সঙ্গে যোগাযোগ হলো, কয়েকটি পর্ব পড়ার পর নীরা চরিত্রটা আমার ভালো লেগে যায়। আসলে চরিত্রটি সহজ-সরল একজন মহিলার চরিত্র, কিন্তু সে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জটিলতার মধ্য দিয়ে যায়। আমার কাছে চরিত্রটির নিজস্ব যে জটিলতা রয়েছে, তা বেশ ভালো লেগেছে এবং আমার মনে হয় দর্শকরা এ চরিত্রকে খুব এন্টারটেইনিংভাবে খুঁজে পাবেন সিরিজটিতে।’
বিদ্যা সিনহা সাহা মিম ও এফএস নাঈম অভিনীত মিশন হান্টডাউন শিগগিরই মুক্তি পাবে হইচইয়ে। এর আগে ‘কারাগার’ ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন নাঈম, তবে হইচইয়ের সিরিজে প্রথমবার কাজ করলেন মিম। সিরিজের গল্প এগিয়েছে মাহিদের চরিত্র নিয়ে। মাহি অ্যান্টি-টেররিজম ইউনিটের অতিরিক্ত এসপি। তার ক্যারিয়ারের একটি কালো অধ্যায়ের সূচনা হয়, যখন তার হেফাজতে থাকা এক জঙ্গি দুর্ঘটনাক্রমে নিহত হয়। ঘটনাক্রমে এর কিছুদিন পর সে জঙ্গিকে নীরা নামে এক মহিলা তার নিখোঁজ স্বামী বলে দাবি করে মাহিদের কাছে। এরপর মাহিদ ও নীরা পেছনের আসল রহস্য নিয়েই এগিয়ে যায় ওয়েব সিরিজটি।










