বলিউড ‘কুইন’খ্যাত তারকা কঙ্গনা রানাওয়াত। বক্স অফিসে এ তারকার সর্বশেষ নয়টি সিনেমার আটটি ফ্লপ।
২০ মে মুক্তি পায় কঙ্গনা রানাওয়াত অভিনীত অ্যাকশন সিনেমা ধকড়। প্রথম দিনের আয় মাত্র ৫০ লাখ রুপি। আটদিনে সিনেমাটি আয় করেছে মাত্র ২ কোটি রুপি।
ধকড়ের আগে কঙ্গনা রানাওয়াত অভিনীত থালাইভি বক্স অফিসে একেবারেই ভালো করতে পারেনি। থালাইভির আয় ছিল মোটে ১ কোটি ৪৬ লাখ রুপি, যেটি ধকড় থেকেও কম।
কঙ্গনা রানাওয়াতের সিনেমাগুলোর আয়ের দিকে তাকালে স্পষ্ট হয়ে যায়, এ অভিনেত্রী বর্তমানে বক্স অফিসে সুপার ফ্লপ। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত জাজমেন্টাল হ্যায় ক্যা সিনেমাটির আয় ছিল প্রায় ৪০ কোটি রুপি। অন্যদিকে ২০২০ সালের পাঙ্গা সিনেমাটির আয় ছিল প্রায় ৩০ কোটি রুপি। এরপর থালাইভি সিনেমাটির আয় হতাশ করেছিল কঙ্গনা ভক্তদের। সিনেমা সমালোচকদের বিশ্লেষণ থেকে স্পষ্ট যে কঙ্গনা রানাওয়াত অভিনীত বক্স অফিসে সাড়া জাগানো শেষ হিট সিনেমা ছিল ২০১৫ সালের তনু ওয়েডস মনু রিটার্নস। এর পর থেকেই ক্রমাগত আয় কমেছে কঙ্গনা রানাওয়াতের সিনেমাগুলোর। একের পর এক নয়টি সিনেমার মধ্য আটটি ফ্লপের খাতায় রয়েছে।
তবে সব ছাপিয়ে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ধকড় সিনেমাটি চূড়ান্ত হতাশ করেছে কঙ্গনা ভক্তদের। অষ্টম দিনে সিনেমাটির আয় মাত্র ৪ হাজার ৪২০ রুপি। এই দিনে ২০টি টিকিট বিক্রি হয়েছে ধকড়ের। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৮০-৯০ কোটি রুপি।
প্রচারেও বেশ বড় অংকের ব্যয় করে শেষ রক্ষা হলো না ধকড়ের।
সূত্র: বলিউড হাঙ্গামা










