স্টেজে উঠে সঞ্চালককে থাপ্পড় মারলেন উইল স্মিথ। ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ঘটেছে এ ঘটনা। সঞ্চালক ক্রিস রক, উইল স্মিথের স্ত্রী জেইডা পিঙ্কেট স্মিথকে নিয়ে একটি কৌতুক করলে রাগের মাথায় স্মিথ এ কাজ করেন।
সঞ্চালনার সময় ক্রিস রক প্রসঙ্গক্রমে জেইডার চুল নিয়ে মন্তব্য করেন। তার কথা এমন ছিল যে জেইডা ১৯৯৭ সালের জিআই জেন সিনেমার সিকুয়েল করছেন। মূলত এ সিনেমার প্রধান নারী চরিত্রকে ন্যাড়া মাথায় দেখা যায়। কিন্তু জেইডা মূলত তার চুল-পড়া সমস্যার কারণে মাথা কামিয়ে ফেলেছিলেন। এ বিষয়ে জেইডা সব সময় খোলাখুলিভাবে কথা বলে থাকেন। রকের গতকালের মন্তব্যের প্রাথমিক প্রতিক্রিয়ায় উইলকে প্রথমে বিব্রতভাবে হাসতে দেখা যায়। এরপর জেইডার অভিব্যক্তি দেখে মনে হয় তিনি আহত হয়েছেন। এর পরই স্মিথের স্টেজে ওঠা এবং ক্রিসকে তিনি সরাসরি থাপ্পড় মেরে বসেন।
এর পরের ঘটনা যুক্তরাষ্ট্রে সেন্সর করে প্রচারিত হলেও অন্যান্য জায়গায় প্রচার করা হয়েছে। রক বলছিলেন, ‘স্মিথ আমাকে চড় মেরে দিলো’। আর স্মিথ তার চেয়ারে ফিরে গিয়ে বললেন, ‘আমার স্ত্রী সম্পর্কে তোমার মুখ বন্ধ রাখো।’
অস্কারের আসরে এ অনাকাঙ্খিত ঘটনার কমবেশি সবাই বিস্মিত। অস্কারসহ পুরস্কার বিতরনী নানা আসরে কৌতুক করা সাধারণ বিষয়। কিন্তু বডি শেমিং বিষয়ে সচেতন এ সময়ে ক্রিসের এহেন মন্তব্য ভুল বলে মনে করেন অনেকে। তবে স্মিথেরও সচেতন থাকা উচিত ছিল।
সূত্র: দ্য হলিউড রিপোর্টার










