এপ্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা। গেল ঈদে তার গাওয়া কন্যা গানটি বেশ সাড়া ফেলেছে। সিনেমার গানের পাশাপাশি স্টেজ শোয়ে দেখা যায় তাকে। স্টেজে নিজের মৌলিক গান গেয়েই মাতিয়ে তুলেন মঞ্চ। কণা দর্শকের অনুরোধে মাঝে মাঝে ফোক গানও করে থাকেন। স্টেজ শোয়ে মরমি কবি হাছন রাজা অথবা বাউল সম্রাট শাহ আব্দুল করিমেরই গান দর্শক-শ্রোতাকে গেয়ে শোনান তিনি। হাছন রাজার লেখা ও সুর করা গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন জিকো ঘোষ। এ গান প্রকাশের পর পরই কণার কণ্ঠে আরো একটি ফোক গান প্রকাশ হয়েছে। বাউলসম্রাট শাহ আব্দুল করিমের ‘সখি তোরা প্রেম করিও না’ শিরোনামের এ গান আব্দুল করিমের লেখা ও সুর করা। সংগীতায়োজন করেছেন আদিব কবির। এ প্রজেক্টের প্রধান হিসেবে আছেন জুয়েল মোরশেদ। গানটি কণার কণ্ঠে প্রকাশ হয়েছে পহেলা বৈশাখের দিন। গানটি স্বাধীন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। এদিকে ১৫ এপ্রিল ছিল কণার জন্মদিন। জন্মদিনের প্রথম মুহূর্তটিই সারপ্রাইজ আর আনন্দে রাঙিয়ে তোলেন তার বান্ধবীরা। বাসায় ফিরে বান্ধবীদের কাছ থেকে সারপ্রাইজ পেয়ে ভীষণ খুশি হন কণা। আবার দীর্ঘদিন পর প্রিয় বান্ধবী কানাডা থেকে আসার কারণে তার সঙ্গেও এবারের জন্মদিন বেশ উচ্ছ্বাসের মধ্য দিয়েই উদযাপন করেন তিনি। দুটি ফোক গান ও জন্মদিনের ব্যস্ততা প্রসঙ্গে কণা বলেন, ‘আমার যারা মিউজিশিয়ান, তারা শ্রদ্ধেয় মরমি কবি হাছন রাজার ‘বাউলা কে বানাইলো’ গানটি বেশ ভালোভাবেই মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করে নিয়েছেন। যে কারণে আমি যেকোনো শোয়ে ফোক গানের প্রসঙ্গ এলে এ গান পরিবেশন করে থাকি। গানটি জিকো ঘোষ নতুন করে মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করার পর আমার কাছে ভালো লেগে যায়। যে কারণে এটি আরটিভির জন্য গাইলাম। সখি তোরা প্রেম করিও না গানটি অনেক আগেই করা ছিল। ১২ এপ্রিল হঠাৎ করেই ভিডিওর কাজটি সম্পন্ন হয়। পরপর দুটি ফোক গান প্রকাশ পাওয়ায় ভালো লাগছে। এবারের জন্মদিনটা আব্বু-আম্মুকে বেশি সময় দিয়েছি। কারণ আমার কাছে মনে হয় যাদের জন্য পৃথিবীর আলো দেখা, যাদের জন্য জীবনের এ সফলতার মুখ দেখছি, তাদের একটু বেশি বেশি সময় দেয়ার চেষ্টা করি।