ভারতীয় সেরা চিত্রনাট্যকারদের অন্যতম দুজন সেলিম খান ও জাভেদ আখতার। তাদের কাজ ১৯৭০ দশক থেকেই ভারতীয় সিনেমায় বিশাল এক পরিবর্তন নিয়ে এসেছিল। যেমন ‘শোলে’, ‘জাঞ্জির’ ও ‘দিওয়ার’-এর মতো সিনেমাই তার প্রমাণ বলা যায়। দীর্ঘ চার দশক পর এবার এ সফল লেখকদের নিয়ে একটি ডকুমেন্টারি সিরিজ আসছে। অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে সে সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল। দুজনের একসঙ্গে কাজের নানা অভিজ্ঞতা, তাদের পরিবার ও ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির যেসব তারকা তাদের সিনেমায় ছিলেন বা থাকছেন তাদের নানা মতামত, সিনেমার কিছু দৃশ্য এসব নিয়ে সিরিজটি। ট্রেলারে জাভেদ আখতার সেলিম খানকে বলেন, ‘আমরা কখনো ভাবিনি আমরা পার্টনারশিপে কাজ করব বা এমন কিছু হবে। দুজন একসঙ্গে কাজ করতে করতে এটা হয়ে গিয়েছিল। ’ 

নায়ক-নায়িকা বা সিনেমা নির্মাতার নাম হবে, খ্যাতি হবে এতটুকুই ছিল সে সময়ের ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিকে নিয়ে সবার ভাবনা। তবে একজন চিত্রনাট্যকারের জন্যও যে দর্শক সিনেমা হলে আসতে পারে এ বিষয়গুলো সে সময় কেউ ভাবেনি। এ নিয়ে জাভেদ আখতার বলেন, ‘আমি সে সময় বলেছিলাম, হ্যাঁ চিত্রনাট্যকারের জন্যই মানুষ সিনেমা দেখতে আসবে, এমনটাই হবে। আমাদের বেলায় তাই হবে।’

তবে একসঙ্গে সুপারহিট বেশকিছু সিনেমার পরও গত চার দশকে এ চিত্রনাট্যকার জুটিকে আর একসঙ্গে দেখা যায়নি। তবে এবার সেলিম খান ও জাভেদ আখতার ‘অ্যাংরি ইয়ং ম্যান’ নামে সিরিজটির চিত্রনাট্যের কাজ করছেন। এ নিয়ে জাভেদ আখতার বলেন, ‘আমি সেলিমকে বলেছি, আমরা আরেকটা ফিল্ম একসঙ্গে করব।’

সেই সঙ্গে তিনি গণমাধ্যমকে তাদের নতুন কাজ নিয়ে বলেন, ‘সে যুগেই আমাদের কাজের অনেক দাম ছিল। এখন আরো বেশি হবে।’ জাভেদ-সেলিম জুটি হয়ে ২২টি হিন্দি সিনেমা ও দুটি কন্নড় সিনেমা লিখেছেন। এরপর ১৯৮২ সালে তারা তাদের এ পার্টনারশিপ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তাদের হাত ধরেই সত্তরের দশকে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ধারার হিরোকেন্দ্রিক সিনেমার যাত্রা। যে ধারায় সে সময় সবচেয়ে বেশি অমিতাভ বচ্চন কাজ করেছেন এবং এটি ছিল তার ফিল্মি ক্যারিয়ারের জন্য অন্যতম টার্নিং পয়েন্ট। 

এবার জাভেদ-সেলিম জুটির তিন পর্বের সিরিজ অ্যাংরি ইয়ং ম্যান দেখা যাবে ২০ আগস্ট অ্যামাজন প্রাইমে, যার প্রযোজনায় আছে সালমান খান ফিল্ম, ফারহান আখতারসহ বেশ কয়টি প্রযোজনা সংস্থা।

সূত্র: ডিএনএ