রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ দিয়ে গত বছর আলোচনার সৃষ্টি করেছিলেন বিদ্যা সিনহা মিম। এ সিনেমায় অনন্যা চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন তিনি। এরপর রাফি পরিচালিত ‘দামাল’ দিয়েও দর্শক টানেন তিনি। এ বছরে মুক্তির অপেক্ষায় মিমের আসন্ন সিনেমা ‘অন্তর্জাল’। এটি দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা। অন্তর্জাল নির্মাণ করেছেন দীপংকর দীপন। এতে মিম অভিনয় করেছেন নিশাত চরিত্রে। অন্যদিকে ২৮ জুন হৈচৈতে মুক্তি পেতে যাচ্ছে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজ। সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে ঈদে পর্দায় দেখা দেবেন বিদ্যা সিনহা মিম।

আসন্ন কনটেন্ট দুটি নিয়ে কথা হয় এ অভিনেত্রীর সঙ্গে। এ প্রসঙ্গে মিম বলেন, ‘আশা করছি কোরবানির ঈদ হবে আমার জন্য অনেক সাফল্যের, আনন্দের। কারণ ঈদে আমার অভিনীত সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, আবার ওয়েব সিরিজও।’

সিনেমা ও ওয়েব সিরিজে চ্যালেঞ্জ নিয়ে জানতে চাইলে মিম বলেন, ‘অন্তর্জালে আমার চরিত্রটি দারুণ চ্যালেঞ্জিং, ঠিক তেমনি মিশন হান্টডাউনে চ্যালেঞ্জ নিয়ে অভিনয় করেছি। কোনোটির চেয়ে কোনোটি কম নয়। তবে নিশাত চরিত্রটি দর্শকের মধ্যে মুগ্ধতা ছড়াবে এটা আমার বিশ্বাস। দর্শককে হলে গিয়ে সিনেমাটি উপভোগ করার জন্য বিনীত অনুরোধ রইল। আমার বিশ্বাস পরাণ সিনেমায় আমার চরিত্র যেমন দর্শকের ভালো লেগেছে, ঠিক একইভাবে অন্তর্জালের নিশাতের মধ্য দিয়েও মুগ্ধতা ছড়াব ইনশাআল্লাহ। সে সঙ্গে মিশন হান্টডাউনও দেখার অনুরোধ রইল তাদের প্রতি, যারা নিয়মিত হৈচৈতে বিভিন্ন কাজ উপভোগ করেন।’

অ্যাকশন থ্রিলার সিরিজ মিশন হান্টডাউন। এতে বিদ্যা সিনহা সাহা মিম ও এফএস নাঈমকে দেখা 

যাবে ভিন্নভাবে। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। অন্যদিকে অন্তর্জালের গল্প লিখেছেন পরিচালক দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। 

অন্তর্জালে মিমকে দেখা যাবে সাইবার ক্রাইম স্পেশালিস্টের চরিত্রে। এর আগে সিনেমাটি নিয়ে বণিক বার্তাকে মিম বলেন, ‘দেশের বাইরে থেকে প্রযুক্তি ও সাইবার বিষয়ে পড়াশোনা করে আসা একজন তরুণীর চরিত্রে দেখা যাবে আমাকে। আমি সাইবার হামলা মোকাবেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিজিডি ই-গভ সার্টের একজন কর্মকর্তার চরিত্রে অভিনয় করছি। আমার এ চরিত্রে রয়েছে উত্থান-পতন ও নানা নাটকীয়তা।’