ভারতের সেরা পরিচালকদের একজন শ্যাম বেনেগাল। সত্তরের দশকে একের পর এক অসাধারণ সিনেমা নির্মাণ করেছেন তিনি। তার ‘অংকুর’, ‘মন্থন’, ‘নিশান্ত’, ‘মাণ্ডি’ বা ‘ত্রিকাল’ আজও সমাদৃত। প্রতিটি সিনেমাই পরবর্তী সময়ের নির্মাতাদের করেছে প্রভাবিত। ফিচার ফিল্মের পাশাপাশি তিনি নির্মাণ করেছেন বেশকিছু বায়োপিক। এর মধ্যে নেতাজি সুভাষ চন্দ্র বসু ও মহাত্মা গান্ধীকে নিয়ে নির্মিত বায়োপিক অন্যতম। কিছুদিন আগে মুক্তি পেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’। প্রশংসিত হচ্ছে সিনেমাটি। কিন্তু এ পরিচালকই জানালেন, সিনেমা নির্মাণের জন্য প্রযোজক পান না তিনি। লোকে তার সিনেমায় বিনিয়োগ করতে চায় না। এর মূল কারণ তার সিনেমার বিষয়বস্তু।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে একটি সাক্ষাৎকারে ৮৮ বছর বয়সী নির্মাতা বলেন, ‘আজকে ৯০ শতাংশ সিনেমা যেসব বিষয়বস্তু নিয়ে নির্মিত হয় আমি সে রকম সিনেমা নির্মাণ করি না। তাই প্রযোজক পেতে সমস্যা হয়।’ শ্যাম বেনেগালের কাছে ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে চেয়েছিল, সিনেমা থেকে অনেকটা দূরে থাকার কারণ কী? এ নিয়ে তিনি বলেন, ‘আমি একটা সিনেমা নির্মাণ করছিলাম শ্যামা প্রসাদ মুখার্জিকে নিয়ে। কিন্তু সেটা অনেক আগের কথা। সিনেমাটা শেষ করতে পারিনি। কারণ এটার জন্য যে পরিমাণ বিনিয়োগ দরকার ছিল তা আমি পাইনি। এরপর আর আমি এমন কোনো সিনেমা নির্মাণে যেতে চাইনি যার পেছনে আগে থেকেই বিনিয়োগ নিশ্চিত না হয়।’
শ্যাম বেনেগালের সিনেমা ভিন্ন ধারার। তিনি শুরু থেকেই নিজের মতো করে সিনেমা নির্মাণ করেন। কিন্তু তার মানে এই নয় যে তিনি বর্তমান প্রচলিত সিনেমার সঙ্গে পরিচিত নন। কেমন করে নতুন সময়ের সিনেমার সঙ্গে তাল রাখেন তা নিয়ে তিনি বলেন, ‘আমি অনেক সিনেমা দেখি। বিশেষত যেসব সিনেমা টেলিভিশনে দেখানো হয়। সর্বশেষ আমি দেখলাম কাঁঠাল। আরো অনেক সিনেমাই আছে, তবে এটা বেশ ভালো সিনেমা বলে মনে করি।’ ‘কাঁঠাল’ মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। সিনেমাটিতে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। পরিচালনা করেছেন যশবর্ধণ মিশ্র।
নানা প্রসঙ্গের পাশাপাশি শ্যাম বেনেগাল কথা বলেছেন ‘মুজিব: একটি জাতির রূপকার’ নিয়েও। সিনেমাটি নির্মাণে তার আগ্রহের কারণও তিনি প্রকাশ করেন। অশীতিপর এ নির্মাতা বলেন, ‘আমাকে একটা বিষয় খুব ধাক্কা দিয়েছিল। রাজনৈতিক ব্যক্তিরা সাধারণত তার ব্যক্তিগত ও পারিবারিক জীবন ব্যালান্স করতে পারেন না। কিন্তু শেখ মুজিবুর রহমান সেটা পেরেছিলেন। তিনি রাজনৈতিকভাবে যেমন সফল ছিলেন তেমনি তিনি পারিবারিকভাবে ছিলেন সুখী।’
তবে এ ধরনের সিনেমা নির্মাণ কঠিন বলেই মনে করেন শ্যাম বেনেগাল। কেননা সিনেমা নির্মাণের মাধ্যমে নানা বিতর্ক তৈরি হওয়া সম্ভব। এক্ষেত্রে তিনি মনে করেন, সিনেমা নির্মাণের সময় একজন নির্মাতাকে নিজের কাজের প্রতি সৎ থাকতে হবে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










