গোল্ডেন গ্লোবস, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের পর ‘নাটু নাটু’ গানটি জিতে নিয়েছে ‘সেরা মৌলিক গানের’ একাডেমি অ্যাওয়ার্ডস। এ নিয়ে ভারতের চলছে তুমুল উচ্ছ্বাস। তবে প্রশ্ন উঠেছে অস্কার মঞ্চে এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবির গানটির পারফরম্যান্স নিয়ে।

চমক হিসেবে একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসরে ছিল ‘নাটু নাটু’ গানের লাইভ পারফরম্যান্স। কিন্তু ছিলেন না ‘আরআরআর’ সিনেমার দুই তারকা রামচরণ বা এনটিআর জুনিয়র। কেন মঞ্চে তাদের দেখা গেল না- এ নিয়ে ভক্তদের আক্ষেপের শেষ নেই।

এ প্রশ্নের উত্তর দিলেন অস্কারের অন্যতম প্রযোজক রাজ কাপুর। তিনি জানান, গানের তালে নাচার জন্য দক্ষিণ ভারতীয় দুই তারকাকে প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তারাই ফিরিয়ে দেন।

অস্কার মঞ্চে ছিলেন গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। গানের তালে পা মেলান নৃত্যশিল্পী লরেন গটলিয়েব। সঙ্গে ছিলেন এক ঝাঁক মার্কিন শিল্পী। রামচরণ ও এনটিআর জুনিয়র না থাকলেও তাদের চরিত্রে দেখা গিয়েছিল দুই নৃত্যশিল্পীকে। মেকআপের জাদুতে খানিকটা সময় দর্শক তাদের চিনতে ভুল করেন।

প্রযোজক রাজ কাপুর বলেন, রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরবের পাশাপাশি রামচরণ ও এনটিআর জুনিয়রেরই ‘নাটু নাটু’ গানে পারফর্ম করার কথা ছিল। মার্কিন নৃত্যশিল্পীদের সঙ্গে তাদের মহড়ার আয়োজন করা হয়েছিল।

আরো বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে আমরা জানতে পারি যে, রামচরণ ও এনটিআর জুনিয়র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে পারফরম্যান্স নিয়ে তারা খুব একটা নিশ্চিত ছিলেন না। অন্যান্য কাজে ব্যস্ত থাকায় মহড়ার সময় পাননি।

‘নাটু নাটু’ গানের শুটিংয়ের আগে প্রায় দু’মাস তালিম নেন রাম চরণ ও এনটিআর জুনিয়র। ইউক্রেনের প্রেসিডেন্টের প্রাসাদের বাইরে শুটিং হয় ১৫ দিন। অন্যদিকে লস অ্যাঞ্জেলেস নৃত্যশিল্পীরা ১৮ ঘণ্টার মহড়ায় অস্কারের মঞ্চে পারফর্ম করেন।