দায়িত্ব নেয়ার তিন মাসের মাথায় ডিসির নতুন ইউনিভার্সের রূপরেখা জানালেন জেমস গান। পিটার স্যাফরানের সঙ্গে যৌথভাবে এ ইউনিভার্স তৈরি করছেন তিনি। প্রথম পর্যায়ের নাম দেয়া হয়েছে ‘গডস অ্যান্ড মনস্টারস’। পুরনো ধারা থেকে বেরিয়ে নতুন কিছু করবেন তারা, এ কথা আগেই জানা ছিল। ভক্ত, দর্শকরা অপেক্ষা করছিল এর জন্য। ছিল জল্পনা-কল্পনা। ওয়ার্নার ব্রোস ডিসকভারি ডিসিকে আবার ফিরিয়ে আনতে পারবেন কিনা, তা নিয়ে ছিল নানা প্রশ্ন। প্রকাশিত লাইনআপ দেখে মোটামুটি সন্তুষ্ট ডিসি ভক্তরা। তবে গান-স্যাফরানের এ আয়োজন দেখে একটা বিষয় স্পষ্ট, মার্ভেলের অনুসরণেই আগাতে চান তারা। অবশ্য যেভাবেই এগোন না কেন, কনটেন্টে ডিসির ছাপ দেখতে চাইবে দর্শক।
নতুন রূপরেখায় থাকছে ১০টি কনটেন্ট। সিনেমার পাশাপাশি টিভি শো আনছে ওয়ার্নার ব্রোস। এর মধ্যে সিনেমা পাঁচটি এবং টিভি শো পাঁচটি। ডিসির এ আয়োজন নিয়ে কমিক ও সুপারহিরো সিনেমার ভক্তরা তুমুল আগ্রহী হলেও তাদের অপেক্ষা করতে হবে দুই বছরেরও বেশি। কেননা নতুন লাইনআপের প্রথম সিনেমা আসবে ২০২৫ সালের জুলাইয়ে। ডিসি ইউনিভার্সের সূচনা হবে সুপারম্যানকে দিয়ে। সুপারম্যান: লেগ্যাসি নামের সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ১১ জুলাই। এটি ম্যান অব স্টিলের চেয়ে ভিন্ন হতে যাচ্ছে। এ নিয়ে স্যাফরান বলেন, মানুষের মধ্যে বেড়ে ওঠা সুপারম্যানের ক্রিপ্টোনিয়ান শেকড়ের মধ্যে সে কেমন করে নিজেকে তৈরি করে, সে গল্প বলা হবে। সিনেমাটি নিয়ে আরো জানানো হয়েছে, জেমস গান নিজেই এ সিনেমার গল্প লিখছেন।
সুপারম্যান থেকে ডিসি চলে যাবে ‘দি অথরিটিেত। ১৯৯২ সালে প্রথম একগুচ্ছ চরিত্র নিয়ে শুরু হয়েছিল এটি। ওয়ারেন এলিস ও ব্রায়ান হিচের হাতে তৈরি এ চরিত্রগুলো ওয়াইল্ড স্টর্ম থেকে এসেছিল। ২০১১ সালে নতুন করে আনা হয়েছিল এদের। গান-স্যাফরান আবার পরিচয় করাবেন সবাইকে। পরের সিনেমা ‘দ্য ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড’। সুপারম্যানের পাশাপাশি সিনেমাটি নতুন ডিসির মূল আকর্ষণ। রবার্ট প্যাটিনসনের ব্যাটম্যানের পাশাপাশি আরেকটি গল্প তৈরি হচ্ছে এখানে। এটিতে ব্যাটম্যান ও তার পরিবারের সঙ্গে পরিচিত হবে দর্শকরা। ১৯৯৭ সালের ব্যাটম্যান অ্যান্ড রবিনের পর এ সিনেমার মধ্য দিয়ে রবিনকে ফেরানো হচ্ছে। গানের মতে, ‘আমাদের প্রিয় রবিন’ ফিরছে।
ওয়ান্ডার ওম্যানের জায়গাটি নিতে যাচ্ছে সুপারগার্ল। সিনেমার নাম দেয়া হয়েছে ‘সুপারগার্ল: ওম্যান অব টুমরো’। গল্প অনুসারে চরিত্রটি সুপারম্যানের ‘কাজিন’। গানের ভাষ্যমতে, সে খুবই ভিন্ন ধারার একজন সুপারগার্ল। ডিসি ইউনিভার্সের এ পরিকল্পনার শেষ সিনেমা ‘সোয়াম্প থিংস’। এ সিনেমা ঠিক কেমন, তা এখনো স্পষ্ট করা হয়নি। তবে গান বলেছেন, এটি অন্যান্য সিনেমার তুলনায় ভয়ানক হতে যাচ্ছে।
মার্ভেলের মতো করেই একটির সঙ্গে একটি গল্পের সংযোগসূত্র রেখে ইউনিভার্স তৈরি হবে, সেটা বোঝাই যাচ্ছে। আর ডিসি ইউনিভার্সের মূল চরিত্র হতে যাচ্ছে সুপারম্যান, বিশেষত সুপারগার্লের থিম থেকেই সেটা বোঝা যায়। সুপারম্যানের ‘লেগ্যাসি’র সঙ্গে তার ক্রিপ্টোনিয়ান কাজিন যুক্ত হওয়ার মানে ক্রিপ্টনের একটি বড় ভূমিকা থাকছে ডিসির ইউনিভার্সে।
মার্ভেলের অনুসরণে সিনেমার পাশাপাশি টিভি শো আনছে ডিসি। শুরু হবে ‘ক্রিয়েচার কমান্ডোস’ দিয়ে। তবে লাইভ অ্যাকশন নয়, এখানে পুরনো ধারা অনুসরণ করছে ডিসি। এ টিভি সিরিজের প্রতিটা এপিসোড যৌথভাবে গান ও স্যাফরান লিখেছেন। সিরিজটির কাজ এরই মধ্যে শুরু হয়েছে। তবে গান ও স্যাফরান সবচেয়ে আগ্রহী ‘ল্যান্টার্নস’ নিয়ে। গান নিজেই বলেছেন, আমাদের জন্য এ শো সবচেয়ে গুরুত্বপূর্ণ। গেম অব থ্রোনস ধারার শো হতে যাচ্ছে প্যারাডাইস লস্ট। আর ‘ইম্পোস্টার সিনড্রোম’যুক্ত সুপারহিরো নিয়ে আসবে ‘বুস্টার গোল্ড’। সিরিজের গল্পগুলো সিনেমার সঙ্গে কতটা যুক্ত হবে তা এখনই বলা যাচ্ছে না, তবে গান ও স্যাফনার তাদের নতুন রূপরেখার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সিনেমা ও সিরিজ দর্শকের প্রিয় হবে বলেই আত্মবিশ্বাসী।
সূত্র: ভ্যারাইটি










