সমাজে মায়েদের অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে আরটিভি আয়োজন করে ‘আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৩’। মা দিবসে গত রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সাতজন স্বপ্নজয়ী মায়ের হাতে তুলে দেয়া হয় সম্মাননা পদক।

সম্মাননা প্রাপ্তরা হলেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরীর মা নমিতা চৌধুরী, অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্বর মা ফিরোজা আহমেদ, চিত্রনায়িকা বুবলীর মা জেসমিন আক্তার, চিত্রনায়ক সিয়াম আহমেদের মা মাহমুদা বেগম, চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার মা ফেরদৌসী বেগম, অভিনয়শিল্পী সাবিলা নূরের মা মুসরাত জাহান, ডিআইজি সালমা বেগম পিপিএম-এর মা মিসেস পুনুয়ারা বেগম।

এ আয়োজনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেন, ‘‌প্রতিটি মা-ই তার সন্তানের কাছে শ্রেষ্ঠ মা। কারণ সন্তানের জন্য মাকে যে পরিমাণ পরিশ্রম ও ত্যাগ করতে দেখা যায়, তা আর কারো সঙ্গে তুলনা করা যায় না।’

অনুষ্ঠানে মনোনীতদের হাতে পদক তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, আরটিভির পরিচালক বেগম বিলকিস নাহার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এমডি ও সিইও মো. কাজিম উদ্দিন, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. মুকিতুল কবীর, মার্কেন্টাইল ব্যাংকের ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ সোহাগ, মঞ্চসারথি আতাউর রহমান, অভিনয়শিল্পী শিরিন আলম। অনুষ্ঠান বিভাগের সার্বিক তত্ত্বাবধানে শিবলী জিয়া ও দীপু হাজরার প্রযোজনায় এর উপস্থাপনায় ছিলেন দিঠি আনোয়ার।