দক্ষিণের ‘মেগাস্টার’
বলে খ্যাত চিরঞ্জীবীর নতুন ছবি আচার্য মুক্তি পেয়েছে গত মাসের শেষ দিকে। সম্প্রতি দেয়া এক সাক্ষাত্কারে এ তারকা বলেছেন, ‘আমি চাই আমার পরিবার দক্ষিণের কাপুর হয়ে উঠুক।’
চিরঞ্জীবী তার ভাই পবন কল্যাণের সঙ্গে এক কথোপকথনের কথা স্মরণ করেন। সেই আলাপে তিনি তাদের পরিবার দক্ষিণের কাপুর হয়ে উঠুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। চিরঞ্জীবী বলেন, ‘হিন্দি সিনেমায় কাপুর ক্রেজ রয়েছে। দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রিতে আমাদের পরিবার যেন এমন হয়ে ওঠে, এটা আমার ইচ্ছে ছিল। সত্যি বলতে, আমাদের পরিবারের সন্তানরা (পবন কল্যাণ থেকে আল্লু অর্জুন) যেভাবে সিনেমায় নাম করেছে, সেটা দেখে আমি খুব খুশি।’
চিরঞ্জীবী একটি পুরস্কার গ্রহণের ঘটনা স্মরণ করে বলেন, ‘আমি রুদ্রবীণা সিনেমার জন্য ন্যাশনাল ইন্টিগ্রেশনে সেরা ফিচার ফিল্ম বিভাগে নার্গিস দত্ত পুরস্কার জিতেছিলাম। কিন্তু আমার খারাপ লেগেছিল যে ওই পুরস্কার অনুষ্ঠানে দক্ষিণের সিনেমার অবদানের উল্লেখ ছিল খুব সামান্য। এটা আমাকে অনেক কষ্ট দিয়েছিল। আমি অপমানিত বোধ করেছিলাম। তবে এখন যখন দেখি সিনেমার ক্ষেত্রে আঞ্চলিক বিষয়গুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমার খুব ভালো লাগে। ’
চিরঞ্জীবী তার ছেলে রামচরণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন। এ তারকা আচার্য সিনেমার প্রচারের সময়ে বলেন, ‘সাধারণত অভিনেতারা তাদের সন্তানদের সঙ্গে কাজ করার খুব বেশি সুযোগ পান না। আমি একজন সৌভাগ্যবান বাবা যে নিজের সন্তানের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। নিঃসন্দেহে অভিনেতা হিসেবে রামচরণ অসাধারণ।’
কোরাতলা শিবা পরিচালিত আচার্য সিনেমাটি ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। চিরঞ্জীবীর সঙ্গে এ সিনেমায় আরো অভিনয় করেছেন তার ছেলে রামচরণ, পূজা হেগড়েসহ আরো জনপ্রিয় তারকা।
সূত্র: ডিএনএ










