জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সিমলা। শহীদুল ইসলাম খোকন পরিচালিত ম্যাডাম ফুলি সিনেমা একসময় দর্শকের মধ্যে জনপ্রিয় হয়েছিল। দীর্ঘদিন পর নতুন কোনো সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমার নাম ‘দখিনো দুয়ার’। নির্মাণ করছেন সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড। এরই মধ্যে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে সিনেমাটির শুটিংয়ের কাজ শুরু হয়েছে। ৪ মার্চ থেকে টানা কয়েকদিন সিমলা এ শুটিংয়ে অংশ নিয়েছেন। এতে সিমলার চরিত্রের নাম রাজিয়া। সিনেমায় সিমলার সঙ্গে প্রথমবার অভিনয় করছেন এ প্রজন্মের নায়িকা অধরা খান। অধরা অভিনয় করছেন খেয়া চরিত্রে। অধরার ভাবির চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা সিমলা। সিমলার বিপরীতে আছেন বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস আহমেদ। সিমলার সঙ্গে অভিনয় করা নিয়ে দারুণ উচ্ছ্বসিত অধরা। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‌দখিনো দুয়ার সিনেমায় সিমলা আপুর সঙ্গে অভিনয় করার সুযোগ পেলাম। সিমলা আপুও ভীষণ সহযোগিতাপরায়ণ। সত্যি কথা বলতে বড় শিল্পীদের সহযোগিতা করার মানসিকতাটা আসলে অন্য রকম। এর আগে আমার সৌভাগ্য হয়েছিল প্রিয়দর্শিনী মৌসুমী আপুর সঙ্গে অভিনয় করার। নায়ক সিনেমায় মৌসুমী আপু আমার বড় বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি আমাকে ভীষণ সহযোগিতা করেছিলেন। তার সঙ্গে অভিনয় করে আমি নিজেকে সমৃদ্ধ করেছি। মৌসুমী আপু, সিমলা আপুর সঙ্গে অভিনয় করার সুযোগ না পেলে আমার অভিনয় জীবনে হয়তো অনেক কিছুই অজানা থেকে যেত।’

তিনি সিনেমার পরিচালককেও ধন্যবাদ দেন। অধরা বলেন, ‘‌আর অবশ্যই ডায়মন্ড স্যারের প্রতিও কৃতজ্ঞতা। কারণ তিনি এ সিনেমায় আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। খেয়া এক কথায় একটি অসাধারণ চরিত্র। আমি চেষ্টা করছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে।’

অধরা অভিনীত আরেকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সেন্সর জটিলতা কাটিয়ে আগামী ২ জুন মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত অধরা অভিনীত ‘সুলতানপুর’।