ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা অপু বিশ্বাস। বড় পর্দায় অভিনয় দিয়েই দর্শকের মনে স্থান করে নিয়েছেন তিনি। এবার ওয়েব দুনিয়ায়ও হাঁটলেন তিনি। প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করেছেন এ অভিনেত্রী। ফিল্মের নাম ‘ছায়াবাজি’। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন সৈয়দ শাকিল। অপু বিশ্বাস জানান, এ ওয়েব ফিল্মে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘অনেক আগেই আমি ওয়েব ফিল্মে কাজ করার জন্য প্রস্তাব পেয়েছি। কিন্তু আমার সঙ্গে ব্যাটে বলে মেলেনি বিধায় কাজ করা হয়নি। কারণ আমার ইচ্ছেই ছিল, গল্পটা যেমন অসাধারণ হবে তেমনি চরিত্রেও নতুনত্ব থাকবে। মূল কথা যিনি গল্পটি লিখেছেন, যে দুটো চরিত্রে আমি অভিনয় করছি, সে দুটো আমাকে ভেবেই লেখা, গল্প পড়ে আমার এমনই মনে হয়েছে। আর নির্মাতা সৈয়দ শাকিল ভাই সম্পর্কে আমি অবগত। যে কারণে তার সঙ্গে কাজ করেও ভীষণ ভালো লেগেছে।’ 

এরই মাঝে শেষ হয়েছে ছায়াবাজির শুটিং। অপু বিশ্বাস অভিনীত এ ওয়েব ফিল্মে আরো অভিনয় করেছেন গুণী অভিনেতা তারিক আনাম খান। এ অভিনেতাকে নিয়ে অপু আরো বলেন, ‘‌ফিল্মটিতে শ্রদ্ধেয় তারিক আনাম খান স্যারের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। তিনি একজন গুণী অভিনেতা। তার কাছ থেকে অনেক কিছুই শেখার সুযোগ পেলাম। অনেক ধন্যবাদ আরটিভি কর্তৃপক্ষকে। কারণ তাদের প্রযোজিত সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু দিয়ে আমার নতুন করে যাত্রা শুরু। তাদের প্রযোজনায়ই আমার নতুন একটি প্লাটফর্মের শুরু। তাই ছায়াবাজির মাধ্যমে আমার নতুন এ যাত্রা আমার কাছে অনেক উচ্ছ্বাসের, অনেক আনন্দের। কারণ নতুন প্লাটফর্মের জন্য এটা আমার নতুন এক চ্যালেঞ্জ।’ 

প্রযোজকের আসনেও কাজ করেছেন অপু বিশ্বাস। গত অক্টোবরের শেষে শুটিং শুরু হয় অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’র। ২০২১-২২ অর্থবছরে লাল শাড়ি সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন তিনি। এ সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে ঐতিহ্যবাহী তাঁত শিল্প নিয়ে।