গোল্ডেন
গ্লোবের পর আরেকটি পুরস্কার পেলেন মিশেল ইয়ো। স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে
(এসএজি) সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। এ পুরস্কারের মধ্য দিয়ে তিনি নতুন
রেকর্ড গড়লেন। এর আগে এশীয় বংশোদ্ভূত কোনো অভিনেত্রী এককভাবে এসএজি অ্যাওয়ার্ডে
পুরস্কৃত হয়নি। এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স সিনেমায় পারফরম্যান্সের জন্য
তিনি এককভাবে এ পুরস্কার পেয়েছেন।
মনোনীত
অভিনেত্রীদের মধ্যে আরো ছিলেন কেট ব্ল্যানচেট (টার), ভায়োলা ডেভিস (দ্য ওম্যান
কিং), ড্যানিয়েল ডেডওয়েইলার (টিল) ও আনা দে আরমাস (ব্লন্ড)। এভরিথিং এভরিহোয়্যার
অল অ্যাট ওয়ান্সে ইভলিন কোয়ান ওঙ চরিত্রের জন্য মিশেল ইয়োকে সেরা অভিনেত্রী
নির্বাচিত করা হয়। জেফ ব্রিজেসের হাত থেকে পুরস্কার নিয়ে আবেগে ভেসেছেন মিশেল।
মালয়েশিয়ান
এ অভিনেত্রী নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমার মনে হচ্ছে কথা বলতে শুরু
করলে আমার হার্ট বেরিয়ে আসবে। যারা এ পুরস্কার দিচ্ছেন তারা জানেন, কতটা কঠিন পথ
পার করতে হয়। তবু আমরা হতাশ হইনি কখনো। আমি আপনাদের সবাইকে আপনাদের সমর্থন,
ভালোবাসার জন্য ধন্যবাদ জানাই। আমি জানি অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হবে।
ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এ পুরস্কার শুধু আমার জন্য নয়, আমার মতো দেখতে প্রতিটি
মেয়ের জন্য।’
সাধারণত
বৈশ্বিক প্লাটফর্মে এ ধরনের বড় পুরস্কারের ক্ষেত্রে এশীয়, এশীয় বংশোদ্ভূত
অভিনেতা-অভিনেত্রীদের অনেকটাই অবহেলা করা হয়। পুরস্কারের রাজনীতিতে তারা পিছিয়ে
পড়েন। মিশেলের এ পুরস্কার জয় তাই গুরুত্বপূর্ণ। তিনি সেদিকে ইঙ্গিত করেই কথাগুলো
বলেছেন। এছাড়া তিনি তার বক্তব্যে অভিনেত্রী স্যালি ফিল্ডকে ধন্যবাদ জানান। মিশেল
বলেন, ‘আপনি সবসময় সঠিক কথাগুলোই বলেছেন। কারণ আপনি এখানেই ছিলেন এবং জানতেন আমরা
কী করতে চাই। আমাকে এ সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ, কেননা এখানে এমন আরো অনেকেই আসার
জন্য অপেক্ষা করছে। এটা আমাদের প্রয়োজন। আমরা চাই আমাদের সবাই দেখুক, আমাদের কথা
শুনুক। আর আজ রাতে প্রমাণ হলো, সেটা সম্ভব। আমি সেজন্য কৃতজ্ঞ।’
এভরিথিং
এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স বিভিন্ন পুরস্কারের ক্ষেত্রেই ভালো করছে। মিশেল ইয়ো এ
সিনেমায় অভিনয়ের জন্য অস্কারের চূড়ান্ত মনোনয়নেও জায়গা করে নিয়েছেন। সিনেমার সেরা
সে পুরস্কার তিনি পাবেন কিনা, তা জানতে আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা।
সূত্র: ডেডলাইন










