গ্ল্যামারের কারণে আলোচনায় থাকেন জাহ্নবী কাপুর। বলিউডের সিনেমায়ও নিজের জায়গা করে নিয়েছেন। এবার তাকে দেখা যাবে তেলেগু সিনেমায়। এনটিআর জুনিয়রের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এনটিআর জুনিয়রের আসন্ন সিনেমায় অভিনয় করছেন জাহ্নবী। সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। এনটিআর থার্টি নামেই চলছে এ সিনেমার প্রচারণা। সম্প্রতি জানানো হলো, এতে জাহ্নবীও থাকছেন। গতকাল সিনেমার একটি পোস্টার প্রকাশ হয়েছে। এনটিআর থার্টি লেখা পোস্টারে জাহ্নবীকে দেখা গেছে।
গতকাল ছিল জাহ্নবী কাপুরের ২৬তম জন্মদিন। এ দিনকে উপলক্ষ করেই পোস্টারটি প্রকাশ হয়েছে। এ সিনেমার নায়িকা নিয়ে কয়েক মাস ধরেই নানা আলোচনা হচ্ছিল। শেষ পর্যন্ত জাহ্নবীর উপস্থিতি নিশ্চিত হলো। এনটিআর আর্টস নামে একটি টুইটার হ্যান্ডল থেকে পোস্টার শেয়ার হয়। সেখানে সিনেমার পরিচালক কোরাতলা শিবকেও ট্যাগ করা হয়েছে। এর আগে নানা সময়ই জাহ্নবী কাপুর এনটিআর জুনিয়রের সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন। তাদের প্রথমবারের মতো এ সিনেমার মাধ্যমে একত্রে দেখা যাবে। সিনেমাটি নিয়ে দর্শক যথেষ্ট আগ্রহী। জাহ্নবীর সংযুক্তি সে আগ্রহ আরো বাড়িয়ে দিল। সিনেমাটির শুটিং চলমান এবং এটি আগামী বছরের এপ্রিলে মুক্তির কথা রয়েছে।
সূত্র: বলিউড হাঙ্গামা










