বিশ্বজুড়ে এখন তুমুল আলোচনায় নেটফ্লিক্সের সিরিজ স্কুইড গেম। প্রচার শুরুর মাস না পেরোতেই নেটফ্লিক্সের সফলতম শো হয়ে উঠেছে এটি। এবার দ্বিতীয় সিজন আনার কথা ভাবছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্মটি। তবে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি তারা।
মঙ্গলবার বার্তা সংস্থা এপিকে স্কুইড গেমের নির্মাতা হোয়াং ডং-হিউক বলেন, স্ট্রিমিং প্লাটফর্মে সিরিজটি চলবে। আমি অধিকাংশ সময় মনে করি, আমাদের কোনো বিকল্প নেই। দ্বিতীয় সিজনে অনেক কাজের চাপ, চাহিদা ও ভালোবাসাও থাকবে।
হোয়াং আরো বলেন, এটা এখন আমার হাতে। এটা নিয়ে আমি পরিকল্পনা করছি। কিন্তু আমি মনে করি, কখন ও কবে এটি শুরু হবে তা বলাটা তাড়াতাড়ি হয়ে যাবে।
এদিকে নেটফ্লিক্সের মুখপাত্র সিএনবিসি নিউজকে জানান, শোর দ্বিতীয় সিজন নিয়ে আলোচনা চলছে, তবে এখনো নিশ্চিত হয়নি।
২০০৯ সালে স্কুইড গেমের ভিত্তিটা উঠে আসে হোয়াংয়ের পরিবারের সংগ্রামের চিত্র থেকে; পরবর্তী সময়ে বিশ্বের অর্থ সংকট থেকে। দক্ষীণ কোরীয় এ গেমের ৪৬৫ প্রতিযোগীর সবাই ঋণে জর্জরিত। তারা সবাই ঘুরে দাঁড়াতে মরিয়া। এ খেলা জীবন বাজি রেখে মরা-বাঁচার লড়াই। ছয়টি খেলার এ সিরিজ জিতলে বিজয়ীর হাতে আসবে ৩ কোটি ৯০ লাখ ডলার। আর হারলে মৃত্যু অবধারিত।
নেটফ্লিক্সে গত ১১ সেপ্টেম্বর স্কুইড গেমের প্রথম শো শুরু হয়। এর পরই বিশ্বব্যাপী ৯০টি দেশে নেটফ্লিক্সের র্যাংকিংয়ে এক নম্বরে উঠে আসে সিরিজটি। সিরিজটি ২৮ দিনে ১১ কোটি ১০ লাখ মানুষ দেখে, যা ওই সময়ে অন্য সিরিজ থেকে বেশি। এর আগে এ রেকর্ডের অধিকারী ছিল ব্রিজারটনের। ব্রিটিশ রোমান্স সিরিজটি প্রচার হওয়ার মাত্র ২৮ দিনে ৮ কোটি ২০ লাখ মানুষ দেখে।
সূত্র: সিএনবিসি










