ছোট পর্দা ও বড় পর্দায় নিজের অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ফজলুর রহমান বাবু। দেশবরেণ্য এ অভিনেতা দীর্ঘ সময় ধরে অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করে আসছেন। সিনেমায় অভিনয়ের জন্য বাবু কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বর্তমানে ডিজিটাল মাধ্যমেও দাপটের সঙ্গে কাজ করছেন। কিছুদিন আগে ইউটিউবে প্রকাশিত লিটু সাখাওয়াত রচিত ও সকাল আহমেদ পরিচালিত ‘দায়’ নাটকে এক অন্য ফজলুর রহমান বাবুকে দেখা গেছে। 

এ নাটকে তাকে চাকরি হারা এক বিষণ্ন বাবার চরিত্রে দেখা গেছে। যিনি তার মা, স্ত্রী ও সন্তানদের জন্য দিন-রাত পরিশ্রম করেও পরিবারের সদস্যদের কাছ থেকে ভালোবাসা পাননি। বরং নানা চাপে তিনি একসময় মারা যান। গীতশ্রী, মুনিরা মিঠু, অলংকার চৌধুরীর সঙ্গে বাবুর অনবদ্য অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। নাটকটি নিয়ে ফজলুর রহমান বাবু বলেন, ‘তাহের শিপনের সঙ্গে যখন সকাল আহমেদ সহকারী পরিচালক হিসেবে কাজ করত, তখন থেকেই সকালকে আমি চিনি, জানি। পরবর্তী সময়ে যখন সকাল নিজেই এককভাবে পরিচালক হিসেবে কাজ শুরু করল, তার অনেক নাটকে আমি কাজ করেছি। বাজেটের মধ্য নিজের সেরাটা দিয়ে সে ভালো কিছু করার চেষ্টা করে। সকালের দায় নাটকে কাজ করেও আমার ভালো লেগেছে। নাটকের গল্পটা সুন্দর ছিল। এখন দর্শকের কাছ থেকে এ নাটকে জন্য বেশ সাড়া পাচ্ছি।’ 

বর্তমানে কোন কাজ নিয়ে ব্যস্ত আছেন জানতে চাইলে ফজলুর রহমান বাবু জানান, এরই মধ্যে তিনি ভিকি জাহেদের পরিচালনায় ‘আমি কী তুমি’ ওয়েব কনটেন্টের কাজ শেষ করেছেন। বর্তমানে এ অভিনেতা ছুটির মেজাজে আছেন। স্ত্রী ও মেয়েকে নিয়ে ফরিদপুর শহরে নিজ বাড়িতে অবস্থান করছেন।