সংগীত সীমারেখা মুছে দেয়, এ কথা আমরা শুনেছি। সংগীতের আন্তর্জাতিক মঞ্চ গ্র্যামিতে, আবার তা প্রমাণ হলো। গ্র্যামির ৬৫তম আসরে এক মঞ্চে পারফর্ম করলেন আনুশকা শঙ্কর ও আরুজ আফতাব। একে এক মঞ্চে ভারত ও পাকিস্তান বলা যুক্তিযুক্ত হবে না, তবে দুই শিল্পীর শিকড় মূলত এ দুই দেশে। সম্প্রতি ভারতীয় সিনেমায় পাকিস্তানের ভুল উপস্থাপন নিয়ে নানা আলোচনার মধ্যে তাদের এ পারফরম্যান্স নতুন এক বার্তা দিচ্ছে, তাতে সন্দেহ নেই।
আনুশকা শঙ্কর ও আরুজ আফতাব গত বছর ‘উধেরো না’ গানে যুক্ত হয়েছিলেন। রোববার রাতে গ্র্যামির মঞ্চে এ গানেই দেখা গেল দুজনকে। আরুজ গাইছিলেন এবং আনুশকা বাজাচ্ছিলেন সেতার। আরুজের কণ্ঠ ও আনুশকার বাজনায় গ্র্যামির মঞ্চে তৈরি হয়েছিল অদ্ভুত মূর্ছনা। আনুশকার সঙ্গে ছিলেন আরো বাদক, কিন্তু তার সেতার যেন ছাপিয়ে গিয়েছিল অন্য সব বাদ্যকে।
আনুশকা এ বছর মনোনীত হয়েছিলেন বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ও বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে। যদিও তিনি কোনোটিতেই পুরস্কার পাননি। অন্যদিকে আরুজ আফতাব গত বছর বেস্ট নিউ আর্টিস্ট বিভাগে পুরস্কৃত হয়েছিলেন। তার ‘ মোহাব্বত’ গানের জন্য গ্র্যামি জয় করার মাধ্যমে প্রথমবারের মতো কোনো পাকিস্তানি শিল্পী গ্র্যামি জয়ের সম্মান অর্জন করেন।
গ্র্যামির মঞ্চে আরুজ ও আনুশকার এ পারফরম্যান্সের পর হলজুড়ে তুমুল করতালি পড়ে। ভারত ও পাকিস্তানের গণমাধ্যমেও ধ্বনিত হচ্ছে তাদের প্রশংসা। এ দ্বৈত পারফরম্যান্সের মাধ্যমে সংস্কৃতির মেলবন্ধনের পাশাপাশি দুই দেশের শিল্পীদের আন্তর্জাতিক মঞ্চে পরিচয় করানো সহজ হবে বলে মনে করেন দুই দেশের সংগীতসংশ্লিষ্টরা।
সূত্র: ইয়ন










