টানা ফ্লপের পর গত আগস্টে ‘ওএমজি টু’ দিয়ে বক্স অফিসে কিছুটা সাফল্য পেয়েছিলেন অক্ষয় কুমার। বিনা পারিশ্রমিকে করা সিনেমাটি ১৫০ কোটি রুপির মতো আয় করে। কিন্তু পরবর্তী ছবির প্রথম দিনেই অশনি সংকেত দেখছেন অভিনেতা।

গতকাল শুক্রবার (৬ অক্টোবর) মুক্তি পেয়েছে বলিউড সিনেমা ‘মিশন রানিগঞ্জ’। এতে অক্ষয় কুমারের বিপরীতে অতিথি চরিত্রে আছেন পরিণীতি চোপড়া। সিনেমাটি দর্শক ও সমালোচক দুইপক্ষ থেকেই মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। আর বক্স অফিসেও জমেনি ততটা।

সিনেমাটির বাণিজ্য বিষয়ক ট্র্যাকার স্যাকনিক জানায়, প্রথম দিনে ‘মিশন রানিগঞ্জ’ মাত্র দুই কোটি ৮০ লাখ রুপি রুপি আয় করেছে। অথচ একইদিন অর্থাৎ মুক্তির ৩০তম দিনে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’-এর আয় এক কোটি ৩০ লাখ রুপি।

এখন যদি শনি ও রবিবার আয়ের অঙ্ক নাটকীয়ভাবে না বাড়ে তবে ফের একবার ফ্লপের খাতায় নাম ঢুকে যাবে বলিউড খিলাড়ির।

‘মিশন রানিগঞ্জ’-এর সঙ্গে একইদিন মুক্তি পেয়েছে নারীকেন্দ্রিক সিনেমা ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’। প্রথমদিনে স্বল্প বাজেটের এ সিনেমার আয় মাত্র ৮০ লাখ রুপি। অন্যদিকে গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘ফুকরে থ্রি’র আয় দুই কোটি ২০ লাখ রুপি।

১৮৯৯ সালের ১৩ নভেম্বরের গল্প উঠে এসেছে ‘মিশন রানিগঞ্জ’-এ। হঠাৎ পানি ঢোকায় খনিতে আটকা পড়েন ৭১ জন কর্মী। ওই সময় উদ্ধারকর্তা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল। নতুন এক পদ্ধতি নিয়ে খনিতে নামেন তিনি। সেই গল্প থেকেই অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মিত হয়েছে।