বাংলাদেশের নাটক সিনেমার একজন ভার্সেটাইল অভিনেতা ইন্তেখাব দিনার। বিজ্ঞাপন ও মডেল হিসেবেও তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা। অভিনয় করছেন একের পর এক নাটক, ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে। প্রত্যেকটা কাজেই নতুন করে নিজেকে উপস্থাপন করে চমকে দিচ্ছেন। সম্প্রতি অনুতপ্ত নামে একটি নাটকে অভিনয় করেছেন এ অভিনেতা। তার বিপরীতে অভিনয় করেছেন দীপা খন্দকার। নাটকটিতে ইন্তেখাব দিনার ও দীপা খন্দকার দুর্দান্ত অভিনয় করেছেন। তারা দুজন স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। তাদের সন্তানের চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের আলোচিত অভিনেতা পার্থ শেখ। অনুতপ্ত নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা। পরিচালকের ভাষ্যমতে, এটি একটি পারিবারিক গল্পের নাটক। আমাদের সমাজে ঘটে যাওয়া ঘটনাই নতুন করে তুলে ধরা হয়েছে। নাটকটিতে আরো অভিনয় করেছেন শিবা সানু, মালাইকা চৌধুরী প্রমুখ।

এরই মধ্যে এ নাটক নিয়ে দর্শকের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে। নির্মাতা কেএম সোহাগ রানা বলেন, ‘অনুতপ্ত নিয়ে এরই মধ্যে সবার মাঝে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। আমরা খুব পজিটিভ একটা আবহ পাচ্ছি, যা মনে মনে প্রত্যাশা করেছিলাম। নাটকের গল্পটা যদিও সমসাময়িক, কিন্তু তার পরও দর্শকের ভালো লাগবে। কারণ আমরা ফেসবুকে অনুতপ্তকে ঘিরে একটু একটু করে সাড়া পেতে শুরু করেছি। নাটকটি প্রচারের পর আশা রাখছি দর্শক তা মন দিয়ে উপভোগ করবে।’

দীপা খন্দকার বলেন, ‘পারিবারিক গল্পে কাজ করতে সবসময়ই আমার ভালো লাগে। কারণ এ ধরনের গল্পের নাটক পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে উপভোগ করা যায়। কেএম সোহাগ রানা ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আশা করছি ভালো লাগবে সবার।’ ইন্তেখাব দিনার বলেন, ‘পার্থ এ সময়ের নতুনদের মধ্যে বেশ ভালো করছে। দীপার সঙ্গে অভিনয় করতে সবসময়ই ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। সব মিলিয়ে আমি এ গল্পে নতুন আমাকে খুঁজে পেয়েছি। যে কারণে মনে হচ্ছে যে এ নাটক দর্শকের মাঝে সাড়া ফেলবে।’ পার্থ শেখ বলেন, ‘আমি শুধু এতটুকুই বলব, নাটকটিতে কাজ করে আমি ভীষণ উচ্ছ্বসিত। অধীর আগ্রহে অপেক্ষা করছি নাটকটি প্রচারের। দিনার ভাই ও দীপা আপার সন্তানের চরিত্রে কাজ করে ভীষণ ভালো লেগেছে।’ পরিচালক জানান, অনুতপ্ত এ মাসেই প্রচারে আসবে।