বলিউডের তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর। নিজের কর্মজীবনের সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে এবার একটু বিরতি নিতে চলেছেন। এ বছরের শেষের দিকে কিছুটা সময় নিজেকে দিতে চান তিনি। বর্তমানে জাহ্নবী তারকাখ্যাতি ক্রমেই বাড়ছে। এ সময় ধীরে চলার এ সিদ্ধান্ত ক্যারিয়ারের জন্য এক গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
ভারতীয় বিনোদনসংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফিল্মি স্কুপ-এর একটি পোস্ট জানায়, বর্তমানে সবচেয়ে চাহিদাসম্পন্ন নায়িকাদের একজন হলেও জাহ্নবী আপাতত কোনো নতুন প্রকল্পে সই করছেন না।
বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন রাম চরণ অভিনীত ‘পেড্ডি’ সিনেমার শুটিং নিয়ে। সিনেমাটির পরিচালনা করছেন বুচি বাবু সানা। জানা গেছে, এ সিনেমার জন্য জাহ্নবী পারিশ্রমিক পাচ্ছেন ৬ কোটি রুপি। এছাড়া আল্লু অর্জুন-অ্যাটলি কুমার পরিচালিত আরেকটি সিনেমার প্রস্তাবও পেয়েছেন তিনি, যেখানে পারিশ্রমিক দাবি করেছেন ৭ কোটি রুপি।
এ সময়েই বিরতি বা বিশ্রাম নেয়ার সিদ্ধান্তকে অনেকে দেখছেন আত্মমূল্যায়নের পদক্ষেপ হিসেবে। জাহ্নবী এ বিরতিতে নিজের ভবিষ্যৎ চলচ্চিত্র বাছাই এবং ক্যারিয়ারের দিকনির্দেশনা পুনর্নির্ধারণ করতে চান।
বলিউডে জাহ্নবী কাপুরের জনপ্রিয়তা যেমন দ্রুত বাড়ছে, তেমনি নিজের কাজের মান ও পছন্দ নিয়েও তিনি সচেতন হয়ে উঠছেন। তার এ সাময়িক বিরতি হয়তো ভক্তদের জন্য অপেক্ষার সময় বাড়াবে, তবে বিরতির পর নতুন ও আকর্ষণীয় প্রকল্প নিয়ে তার প্রত্যাবর্তন নিঃসন্দেহে বলিউডে এক নতুন উচ্ছ্বাস বয়ে আনবে।










