দীর্ঘ বিরতির পর আবারো স্টেজ শো’তে ফিরছেন বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ছেলে নিবিড়ের চিকিৎসার জন্য তিনি দীর্ঘদিন ধরে কানাডায় অবস্থান করছিলেন।

স্টেজে দাঁড়িয়ে শ্রোতা-দর্শকদের গান শোনানোই একজন শিল্পীর জীবনের সবচেয়ে বড় আনন্দ ও তৃপ্তির জায়গা—এ অনাবিল ভালো লাগা ফিরে পেতেই কুমার বিশ্বজিৎ সিদ্ধান্ত নিয়েছেন আবারো মঞ্চে ফেরার। ২৩ আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি বর্ণাঢ্য স্টেজ শোর মধ্য দিয়ে তিনি নতুন উদ্যমে দর্শক-শ্রোতাদের সামনে গান পরিবেশন করবেন। এরপর ২৪ ও ৩০ আগস্ট এবং ৬ ও ৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার আরো পাঁচটি স্টেটে শো করার কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন এ কিংবদন্তি গায়ক।

প্রবাসী বাংলাদেশীদের ভালোবাসা ও দোয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমার ছেলে নিবিড় দুর্ঘটনায় পড়ার পর থেকে সারা বিশ্বের আনাচে-কানাচে থাকা প্রবাসী বাংলাদেশীরা যে ভালোবাসা, সমবেদনা ও দোয়া পাঠিয়েছেন তা সত্যিই ভাষায় প্রকাশের নয়। তারা প্রতিনিয়ত নানা মাধ্যমে খোঁজ নিয়েছেন, খবর রেখেছেন, অনুপ্রেরণা দিয়েছেন। সেই কৃতজ্ঞতা জানাতে, ভালোবাসা ফিরিয়ে দিতে আমি আবারো তাদের সামনে গানে গানে হাজির হচ্ছি।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ কণ্ঠশিল্পী শুধু গায়ক হিসেবেই নয়, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও বাংলাদেশের সংগীতে রেখেছেন অনন্য অবদান। তিন বছর আগে বইমেলায় প্রকাশিত হয়েছিল কুমার বিশ্বজিৎ-এর আত্মজীবনীমূলক বই ‘এবং বিশ্বজিৎ’।

বইটি সম্পর্কে তিনি বলেন, ‘এতে আমার জীবনের অনেক ঘটনা, উত্থান-পতন, সংগ্রাম ও সাফল্যের স্মৃতি লিপিবদ্ধ আছে, যা আমার দীর্ঘ সংগীতযাত্রার অমূল্য অংশ। “এবং বিশ্বজিৎ” মূলত আমার জীবনের অপঠিত পৃষ্ঠাগুলো খুলে দিয়েছে।’