বলিউড বাদশা শাহরুখ খান কাজ করতে চলেছেন খ্যাতিমান পরিচালক রাজকুমার হিরানীর সঙ্গে। নতুন খবর হলো, পরিচালক অ্যাটলি কুমারের আসন্ন সিনেমা লায়নের শুটিং শেষ হলেই শাহরুখ রাজকুমার হিরানীর শুটিং সেটে ফিরবেন। বর্তমানে এ তারকা নিজেকে ব্যস্ত রেখেছেন যশ রাজ ফিল্মসের পাঠান ও লায়ন সিনেমা দুটি নিয়ে।
জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে রাজকুমার হিরানীর আসন্ন সিনেমার শুটিং শুরু করেছিলেন শাহরুখ খান। তবে এর আগে থেকেই দক্ষিণি পরিচালক অ্যাটলির লায়নে কাজ করছিলেন এ তারকা। পাঞ্জাবের একটি গ্রামে থি ইডিয়টস পরিচালক রাজকুমার হিরানীর সিনেমাটির শুটিং করবেন শাহরুখ খান। বুদাপেস্ট ও লন্ডনেও শুটিং করার কথা রয়েছে। এতে শাহরুখের সঙ্গে দেখা যাবে তাপসী পান্নুকে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। সিনেমাটির সহপ্রযোজনায় রয়েছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এরই মধ্যে অ্যাটলির লায়ন সিনেমার কাজ প্রায় শেষ করে ফেলেছেন বলিউড তারকা শাহরুখ খান। এ সিনেমায় তার সঙ্গে দেখা যাবে নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়া মণি, যোগী বাবু ও সুনীল গ্রোভারকে।
২০১৮ সালে জিরো সিনেমায় বড় পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। তবে বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয় জিরো। এরপর রুপালি পর্দা থেকে বিরতি নিয়েছিলেন এ তারকা। পাঠানের মধ্য দিয়ে ফের বড় পর্দায় আসছেন শাহরুখ খান। বহুল প্রতীক্ষিত সিনেমা পাঠান নিয়ে তার ভক্তদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে সিনেমাটির টিজার প্রকাশ করার পর থেকেই। পাঠান পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এ সিনেমায় শাহরুখের সঙ্গে স্ক্রিন ভাগ করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। আগামী বছরের ২৫ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: ইন্ডিয়ান টাইমস










